Espionage

পাক গুপ্তচরের কাছে তথ‍্য পাচার, নজরে ১৩ জন নৌসেনা কর্মী, দেশজুড়ে চলছে সিআই-এর তল্লাশি অভিযান

তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘এনক্রিপ্টেড’ প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পাক হ্যান্ডলার বা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪৩

পাক গুপ্তচরদের কাছে নৌবাহিনীর বহর সংক্রান্ত তথ‍্য পাচারের অভিযোগে শনিবার এক বাঙালি নৌসেনা আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় তদন্তে নৌবাহিনীর ১৩ জন কাউন্টার ইন্টেলিজেন্সের গোয়েন্দাদের নজরে রয়েছে। তাঁরা ছাড়াও, আরও পাঁচ জনের নিয়ে মোট ১৮ জনের নাম উঠে এসেছে।

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফায়ারওয়েল ২০২৬’। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ‍্য পাক গুপ্তচরদের কাছে পাঠানোর খবর সামনে আসতেই তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল তল্লাশি অভিযান শুরু করেছে। ১২টি দলে ভাগ হয়ে দশটি রাজ্যে তাঁরা তল্লাশি অভিযান শুরু করেছে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, বিহার এবং ছত্তীসগঢ়ে তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘এনক্রিপ্টেড’ প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পাক হ্যান্ডলার বা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, বিশাখাপত্তনম নৌসেনা ঘাঁটি-সহ দেশের অন্য অংশে সেনা এবং নিরাপত্তা সংক্রান্ত খবর ফাঁস করা হয়েছে। নৌসেনা আধিকারিক, সন্ত্রাসদমন শাখা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১৮ সন্দেহভাজনের ঠিকানায় তল্লাশি চালানো হয়। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি, ইলেকট্রনিক গ্যাজেটস এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

গত শনিবার বিশাখাপত্তনম থেকে প্রদীপ মুখোপাধ্যায় নামে এক নৌসেনা আধিকারিককে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশের সিআই। তাঁকে জেরা করেই এই ১৮ জনের নাম উঠে এসেছে বলে জানানো হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত ওই প্রাক্তন নৌসেনা আধিকারিককে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এ ছাড়াও, নৌসেনা আধিকারিকদের গাড়ির চালক আন্নাম সাই ভারা প্রসাদ। অভিযোগ, দু’জনেই মোটা টাকার বিনিময়ে পাকিস্তানে তথ্য পাচার করেছেন। কী ধরনের তথ্য পাচার করা হয়েছে, কোন কোন সংবেদনশীল জায়গার তথ্য পাচার হয়েছে— সব তিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share