Delhi Weather

মরশুমের শীতলতম সকাল দিল্লিতে, নামল পারদ! ১০ ডিগ্রিতে ঠান্ডার আমেজ, দূষণের ‘বিষ’ রাজধানীর বাতাসে

বুধবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১০ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজং আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের রেকর্ড ভেঙে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৩:২৮

মরশুমের শীতলতম সকালে ঘুম ভাঙল দিল্লিবাসীর। বুধবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১০ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজং আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের রেকর্ড ভেঙে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম ছিল। এক দিনে তাপমাত্রা কমেছে প্রায় ১.২ ডিগ্রি। ফলে রাজধানীজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

তবে তাপমাত্রার পারদ নামলেও দূষণের হাত থেকে দিল্লির রেহাই নেই। রাজধানীর বাতাসের গুণমান এখনও ‘খারাপ’ পর্যায়ে। চারটি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের মান ‘খুব খারাপ’ স্তরে পৌঁছেছে। একটি তথ্য অনুযায়ী, বুধবার দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ২২৪। অর্থাৎ শীতের আমেজ ফিরলেও দূষণের উদ্বেগ কাটছে না।

একিউআইয়ের নিরিখে শূন্য থেকে ৫০-এর মধ্যে সূচক থাকলে বাতাসের গুণমান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’। ২০১ থেকে ৩০০-এর মধ্যে সূচক থাকলে বাতাসের মান ‘খারাপ’ বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ হলে পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ বলে চিহ্নিত করা হয়।

এ দিন রাজধানীর বিভিন্ন প্রান্তেও তাপমাত্রা ছিল ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরে পারদ নেমেছিল ১০.৪ ডিগ্রিতে। পালামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি এবং রিজ এলাকায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে রাজধানীতে কুয়াশার দাপট বজায় থাকতে পারে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছোতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। তবে দূষণের দাপটই আপাতত দিল্লিবাসীর কাছে বড় চিন্তার কারণ।


Share