Tarique Rahman-Sheikh Hasina

তোমার বাবাও ভারত সফর করেছিলেন’, তারেক রহমানকে জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে খোঁচা হাসিনার

শেখ হাসিনার দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও ১৯৭৯ সালে ভারতে এসেছিলেন জিয়াউর রহমান। বাবার সেই উদাহরণ টেনে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতিকে ‘ছেলেমানুষি’ বলে কটাক্ষ করলেন হাসিনা।

(বাঁ দিক থেকে) তারেক রহমান এবং শেখ হাসিনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১২:১৫

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার তাঁর বাবা তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে বিঁধলেন আওয়ামী লিগ নেত্রী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েও তারেক রহমানের ভারতে না আসার সিদ্ধান্তকে ‘ছেলেমানুষি’ বলে কটাক্ষ করেছেন তিনি। হাসিনার বক্তব্য, রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা জরুরি।

তারেকের ভারত সফর নিয়ে প্রশ্ন হাসিনার

গত ১৪ অক্টোবর সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা প্রশ্ন তোলেন, তিনি দিল্লিতে রয়েছেন বলে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান কেন ভারতে আসতে পারবেন না? এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ কী, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে আশ্বাস দিয়েছিলেন, ভারতে এলে তাঁর সফর স্মরণীয় করে রাখা হবে। তবে আমন্ত্রণ সত্ত্বেও ভারতে আসেননি তারেক। অন্যদিকে, গত ১৩ অক্টোবর দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকেও যোগ দেননি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দুই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বাবার ভারত সফরের উদাহরণ টানলেন হাসিনা

তারেকের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে ১৯৭৯ সালের প্রসঙ্গ তুলে ধরেন হাসিনা। সেই বছর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিল্লি সফর করেছিলেন। ১৯৭৫ সালের অগস্টে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের হত্যাকাণ্ডের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তা সত্ত্বেও জিয়াউর রহমানের ভারত সফরে কোনও বাধা তৈরি হয়নি বলে দাবি হাসিনার।

তাঁর কথায়, ১৯৭৯ সালে জিয়াউর রহমান যখন দিল্লি সফর করেন, তখন তিনি সেখানেই ছিলেন। এমনকি ১৯৮০ সালে জিয়াউর রহমান লন্ডন সফর করার সময়ও হাসিনা ওই শহরে উপস্থিত ছিলেন। কিন্তু সেই কারণে সফর আটকে যায়নি।

হাসিনার বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশের স্বার্থে ভারত সফর করেছিলেন জিয়াউর রহমান। সেই দৃষ্টান্ত অনুসরণ করে তারেক রহমানেরও ভারতে আসা উচিত ছিল। তাঁর মতে, দুই দেশের টানাপোড়েনের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।

 


Share