Death Sentence of Bangladeshi

সৌদি আরবের মসজিদে ‘অনৈতিক কাজ’, মহিলা-সহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, আনুষ্ঠানিক ভাবে জানানোর দাবি বাংলাদেশের

বাংলাদেশে সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-কে বাংলাদেশের কূটনৈতিক মিশনের এক আধিকারিক জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগে থেকে কনস্যুলেটকে কিছু জানানো হয়নি।” তিনি দ্য ডেইলি স্টার’-কে আরও বলেন, “এই বিষয়ে আমরা সৌদি আরবের বিদেশ মন্ত্রকের কাছে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট জমা দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করার অনুরোধ জানিয়েছি।”

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেস্ক
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩৯

সৌদি আরবে মক্কার মসজিদের ভিতরে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে গত বুধবার এক মহিলা-সহ দু’জন বাংলাদেশির  মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রক। পুরুষের নাম নাজরুল ইসলাম বসির এবং মহিলার নাম সিতি আখতার। তবে ওই দম্পতি পরস্পরের স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

‘দ‍্য উইক’-এর প্রতিবেদন অনুযায়ী, জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তারা।

বাংলাদেশে সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-কে বাংলাদেশের কূটনৈতিক মিশনের এক আধিকারিক জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগে থেকে কনস্যুলেটকে কিছু জানানো হয়নি।” তিনি দ্য ডেইলি স্টার’-কে আরও বলেন, “এই বিষয়ে আমরা সৌদি আরবের বিদেশ মন্ত্রকের কাছে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট জমা দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করার অনুরোধ জানিয়েছি।”

‘দ‍্য উইক’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তদন্তের পর ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাঁদের উপযুক্ত আদালতে পাঠানো হয়। অপরাধের গুরুত্ব এবং সময় এবং ‘স্থানের পবিত্রতা’ লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে আদালত দু’জনকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।

‘দ‍্য উইক’-এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক আইনের অধীনে তা’জির (Ta’zir) বিধান অনুযায়ী এই সাজা দেওয়া হয়। এই বিধানে অপরাধের ধরন ও পরিস্থিতি অনুযায়ী শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিচারবিভাগীয় বিবেচনার সুযোগ থাকে। এরপর সংশ্লিষ্ট বিচারবিভাগীয় কর্তৃপক্ষ রায় বহাল রাখে। তার পরেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রাজকীয় নির্দেশ জারি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে ওই দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

‘দ‍্য উইক’-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মসজিদের ‘পবিত্রতা’ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা, নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং ইসলামিক আইন কার্যকর করার বিষয়ে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের দেশের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রক।


Share