Chorbagan Incident

বাবা-মাকে হারিয়ে দিশাহারা বি.টেক উর্ত্তীণ পৃথ্বিশ, দায়িত্ব নেওয়ার প্রস্তাব মুখ‍্যমন্ত্রীর! চোরবাগান বিপর্যয় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

চোরবাগান পদপিষ্টে বাবা-মাকে হারানো বি.টেক উত্তীর্ণ পৃথ্বিশ ঘোষের পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

চোরবাগান বিপর্যয়ের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ০৪:২০

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় বাবা-মাকে হারিয়েছেন বরানগরের বাসিন্দা পৃথ্বিশ ঘোষ। সম্প্রতি বি.টেক পাশ করা এই তরুণের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগে পরিবার, তখন তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু আর্থিক সাহায্য নয়, পৃথ্বিশ চাইলে তাঁকে নিজের কাছে রাখার পাশাপাশি অভিভাবকের দায়িত্ব নিতেও আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার চোরবাগানকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী।

প্রথম সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীনে প্রতিমা দর্শন করতে গিয়েছিলেন বরানগরের বাসিন্দা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালি ঘোষ। তাঁদের একমাত্র ছেলে পৃথ্বিশ সেদিন বাবা-মায়ের সঙ্গে যাননি। বৃষ্টির কারণে মণ্ডপে দর্শনার্থীদের বিপুল ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ভিড়ের মধ্যে পড়ে যান ঘোষ দম্পতি। তাঁদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। একসঙ্গে বাবা-মাকে হারিয়ে কার্যত দিশাহারা পৃথ্বিশ।

বুধবার তাঁদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পৃথ্বিশের প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার কর্তব্য। ছেলেটার বাবা-মা চলে গিয়েছে। আমি বাড়ির লোককে বলেছি, আমার কাছে থাকতে চাইলে ও থাকতে পারে। আমি অভিভাবক হতে পারি। প্রতিভাবান ছেলে।”

চোরবাগানের ঘটনায় মৃত ১৮ জনের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক জন ভিনরাজ‍্যের হওয়ায় তিনি যাননি। তবে মৃত ১৯ জনের পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার আশ্বাসও আগেই দিয়েছিলেন তিনি।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “মানুষের ভুল তো ছিলই। তদন্তকারী দেখবে কারা দোষী। কমিটি গোটাটাই খতিয়ে দেখবে। সকলেই তো মানুষ।”

কীভাবে মণ্ডপে এমন পরিস্থিতি তৈরি হল, ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা ছিল এবং কোথায় গাফিলতি ঘটেছিল, তদন্তে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।


Share