landslide in Afghanistan

আফগানিস্তানে অতিবৃষ্টিতে হড়পা বান, মৃতের অন্তত ১৭, ক্ষতিগ্রস্ত প্রায় দু’হাজার পরিবার

আফগানিস্তানের হেরাট প্রদেশে তুষারপাত ও বাঁধ ভাঙা অতিবৃষ্টির কারণে হঠাৎ হড়পা বান তৈরি হয়েছে। ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ১১ জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রায় দু’হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের গবাদি পশু বানের জলে ভেসে গেছে।

হড়পা বানে বিধ্বস্ত আফগানিস্তান।
নিজস্ব সংবাদদাতা, আফগানিস্তান
আফগানিস্তান
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৪:৫০

দীর্ঘ খরার পরে খুশির বার্তা আনার কথা ছিল বৃষ্টির। সেই বৃষ্টিই আফগানিস্তানের জন্য বিপর্যয় ডেকে আনল। আফগানিস্তানে হঠাৎ তুষারপাত এবং বাঁধ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়। ফলে সেখানে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, হড়পা বানের কারণে এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ১১ জন গুরুতর জখম হয়েছেন। প্রায় দু’হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরপর প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত আফগানিস্তান। ২০২৫ সালের অগাস্টে পাকিস্তান সীমান্তের কাছে নানগড়হর ও কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। যার মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.০। এতে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া, গত বছরের প্রায় পুরো সময় আফগানিস্তানে বৃষ্টি হয়নি। বছরের শেষে পার্বত্য অঞ্চলে শুরু হয় তুষারপাত, আর কিছু দিন আগে থেকে বাঁধ ভাঙা বৃষ্টি শুরু হয়। আচমকা অতিবৃষ্টির কারণে আফগানিস্তানের হেরাট প্রদেশে বন্যার পরিস্থিতি তৈরি হয়।

সাম্প্রতিক বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনে। তাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন সদস্য বলে দাবি করেছেন হেরাট প্রদেশ সরকারের মুখপাত্র মহম্মদ ইউসুফ সাইদি। ওই পরিবার হেরাটের কাবকান অঞ্চলের বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর অনুমান, প্রবল বৃষ্টিতে ঘরের চাল ভেঙে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।

আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র মহম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, সোমবার থেকে এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। হড়পা বানের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বহু পরিবারের গবাদি পশু বানের জলে ভেসে গিয়েছে। প্রায় এক হাজার ৮০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাম্মাদ জানিয়েছেন।


Share