Bangladesh Turmoil

বাংলাদেশে এসেছে চার জন পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার জঙ্গি, সমাজমাধ্যমে ছবি পোস্ট করে দাবি স্থানীয় সাংবাদিকের

সাংবাদিকের কথায়, বর্তমান বাংলাদেশ প্রশাসনের আওতায় এই কাজ হচ্ছে। তিনি মনে করছেন, এমন ঘটনা, হয় নিরাপত্তার গাফিলতিতে হয়েছে, নাহলে ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। এই বিষয়টি বাংলাদেশের প্রশাসনের নিরাপত্তায় ব্যর্থতাকে ইঙ্গিত করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০

পাকিস্তানের আরও কাছাকাছি এসেছে বাংলাদেশ। দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা আইএএনএসের সূত্রে খবর, পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার চার জন জঙ্গি ঢাকা এসে গিয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বিজি-৩৪২ — করে ঢাকা এসেছে তারা। এই বিমানটি চলতি সপ্তাহের শুরুর দিকে করাচি থেকে ঢাকা এসেছে বলে তিনি দাবি করেছেন।

সাংবাদিকের নাম শহিদুল হাসান খোকন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক। সাংবাদিকের অভিযোগ, ইউনূস সরকারের বাংলাদেশে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর ব্যাপারে সাহায্য করছে। তাঁর আরও অভিযোগ, ইউনূস সরকারের ইসলামিক কট্টরপন্থী এবং পাকিস্তানের তুষ্টিকরণের মনোভাব রয়েছে।

শনিবার শহিদুল সমাজমাধ‍্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ করাচির জিন্নাহ্‌ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমানটি অবতরণ করেছে। ৩০ জানুয়ারি এই বিমানটি মোট ১১৩ জন যাত্রীকে নিয়ে ভোর ৪টে ২০ মিনিটে ঢাকায় নেমেছিল।

সাংবাদিক শহিদুল হাসান খোকনের দাবি, ওই যাত্রীদের মধ্যে ছিল পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাবার অপারেটিভরা। তাদের চিহ্নিত করতে পেরেছেন ওই সাংবাদিক। সন্দেহভাজনদের পাসপোর্টের ছবি শহিদুল হাসান খোকন সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাদের নাম, মহম্মদ রসুল, মোকাম্মিল শাহ, ইব্রাহিম এবং নুর কালাম। এরা সবাই পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা।

সাংবাদিকের কথায়, বর্তমান বাংলাদেশ প্রশাসনের আওতায় এই কাজ হচ্ছে। তিনি মনে করছেন, এমন ঘটনা, হয় নিরাপত্তার গাফিলতিতে হয়েছে, নাহলে ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। এই বিষয়টি বাংলাদেশের প্রশাসনের নিরাপত্তায় ব্যর্থতাকে ইঙ্গিত করে।

উল্লেখ্য, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং গত কয়েক দিন ধরে ইসলামিক কট্টরপন্থীদের দ্বারা হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তলানিতে পৌঁছেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। এর মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের আরও কাছাকাছি এসেছে। ১৪ বছর পর ঢাকা থেকে করাচির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। তার মধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।


Share