Private Jet

আমেরিকার মেইনে ভয়াবহ দুর্ঘটনা, চালক-সহ ৮ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বেসরকারি প্রাইভেট জেট, তদন্তে নেমেছে এফএএ এবং জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড

জানা যাচ্ছে, বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ মডেলের একটি প্রাইভেট জেট। সূত্রের খবর, সন্ধ্যে সাতটা ৪৫ মিনিটে ভেঙে পড়ে বিমানটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে এফএএ এবং জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড।

ভেঙে পড়েছে প্রাইভেট জেট
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
আমেরিকা
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:০০

আমেরিকার মেইনে ভয়াবহ বিমান দুর্ঘটনা।  আমেরিকার ব্যাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ-এর কিছু ক্ষণের মধ্যেই চালক-সহ আটজন যাত্রী নিয়ে বেসরকারি প্রাইভেট জেট ভেঙে পড়ল। সংবাদ সংস্থার সূত্রের খবর, তাঁদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

জানা যাচ্ছে, বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ মডেলের একটি প্রাইভেট জেট। সূত্রের খবর, সন্ধ্যে সাতটা ৪৫ মিনিটে ভেঙে পড়ে বিমানটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে এফএএ এবং জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড।

প্রসঙ্গত, তীব্র শীত, বরফবৃষ্টি-সমেত তুষারপাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার আমেরিকার অন্যান্য অনেক অংশের পাশাপাশি ব্যাঙ্গারেও চলছিল প্রবল তুষারপাত। ওই বিমানবন্দর থেকে রবিবার ওই প্রাইভেট জেট ছাড়া অন্য কোনও বিমান টেকঅফ করেনি। বর্তমানে মেইনে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, তুষারপাতের কারণে দৃশ্যমানতা খুবই কম। সেকারণে ব্যাঙ্গার এয়ারপোর্টে বর্তমানে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তুষারপাতের কারণেই প্রাইভেট জেটটি ভেঙে পড়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ব্যাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর বস্টন থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখান থেকে অরল্যান্ডো, ফ্লোরিডা, ওয়াশিংটন, ডিসি এবং শার্লট, উত্তর ক্যারোলিনায় প্রতিদিন কয়েকশো উড়ান যাতায়াত করে। বর্তমানে আমেরিকার তুষার ঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এই বিমানবন্দরের পরিষেবায়। এই তুষারপাত ও শিলাবৃষ্টির কারণে পুরো আমেরিকাতেই বাতিল কয়েক হাজার হাজার বিমান। ফ্লাইট ট্র্যাকার ‘flightaware.com’ অনুসারে, রবিবার আমেরিকায় প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ২০ হাজার ফ্লাইট-এর সময় পরিবর্তন করা হয়েছে। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর, নর্থ ক্যারোলিনা, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিমানবন্দরের ক্ষতি হয়েছে।


Share