Plane Clash

ভেনেজুয়েলা সীমান্তে কাছে ভেঙে পড়ল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থার বিমান, ১৫ জনের মৃত্যু

জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’-র এই বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ৪২ মিনিটে কুকুটা শহরের কামিলো দাজা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু প্রায় তার কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা ১২টা নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমান দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা, কুকুটা
কুকুটা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:১১

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ায় প্রাণ হারান ১৫ জন। বুধবার ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায়। কলম্বিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’-র এই বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ৪২ মিনিটে কুকুটা শহরের কামিলো দাজা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু প্রায় তার কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা ১২টা নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কলম্বিয়া সরকার তড়িঘড়ি উদ্ধারকাজে বিমানবাহিনীকে মোতায়েন করে। দীর্ঘ তল্লাশির পর একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে অসুবিধায় পড়তে হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীদের মধ্যে কলম্বিয়ার নিম্নকক্ষ বা চেম্বার অব ডেপুটিজের সদস্য ডিওজিনিস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো ছিলেন। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।


Share