Election Commission

ভোট বানচালের ছক! 'ইসিআইনেট'-এ ৬৮ লক্ষ সাইবার অ্যাটাক, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভারত ছাড়াও বিদেশ থেকেও একাধিক সাইবার হানার চেষ্টা হয়েছিল। তবে কোনও ক্ষেত্রেই হামলাকারীরা সফল হতে পারেননি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০১:৪৫

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট চলাকালীন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রায় ৬৮ লক্ষ বার সাইবার হামলার চেষ্টা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের দিন কমিশনের ‘রেজাল্ট পোর্টাল’ ছিল হ্যাকারদের মূল নিশানা। যদিও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সব ধরনের হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভারত ছাড়াও বিদেশ থেকেও একাধিক সাইবার হানার চেষ্টা হয়েছিল। তবে কোনও ক্ষেত্রেই হামলাকারীরা সফল হতে পারেননি। কমিশনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকায় নির্বিঘ্নে দ্রুত ফল প্রকাশ করা গিয়েছে এবং গোটা নির্বাচন প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভোট পরিচালনার সুবিধার্থে চলতি বছরের জানুয়ারিতে নির্বাচন কমিশন চালু করেছিল ‘ইসিআইনেট’ অ্যাপ। এর আগে বিহার বিধানসভা নির্বাচনে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হলেও, এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে তা ব্যবহার করা হয়। কমিশনের দাবি, ভোটের আবহে অ্যাপটি ১০ কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ভোটের দিন ৯, ২৩ এবং ২৯ এপ্রিল মিলিয়ে প্রায় ৯৮.৩ কোটি বার ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশ করেছেন। আর ৪ মে গণনার দিনে প্রতি মিনিটে গড়ে প্রায় তিন কোটি ভিজিট রেকর্ড করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার প্রথমবার চালু করা হয় কিউআর কোড-ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড ব্যবস্থা। গণনা কেন্দ্রে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছিল ৩.২ লক্ষেরও বেশি কিউআর কোড। জ্ঞানেশ কুমারের কথায়, এই ব্যবস্থার ফলে কোনও অননুমোদিত ব্যক্তি গণনা কেন্দ্রে ঢুকতে পারেননি।


Share