Cow Smuggling

মুখ-পা বেঁধে তার ওপরে চাপানো হয়েছিল ত্রিপল, গায়ের গন্ধেই বিফলে গেল পাচারের ছক, উদ্ধার ৪৫টি গরু, ধৃত দু’জন

দু'টি ট্রাক থেকে মোট ৪৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। দুই ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ রেজাউদ্দিন এবং সিরাজ শেখ। রেজাউদ্দিনের বাড়ি হুগলির পান্ডুয়ায়। সিরাজ বীরভূমের নলহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩

যাতে চিৎকার না করতে পারে তার জন‍্য মুখ বাঁধা হয়। ছটফট যাতে না করতে পারে তার জন্য পা বাঁধা হয়। এত কিছু করেও গায়ের গন্ধ চিনিয়ে দিল অপরাধ। ঝাড়গ্রামে গরু পাচার রুখল পুলিশ। এমনকী, ট্রাকে করে যে গরু নিয়ে যাওয়া হচ্ছে তা লুকোতে ছাদে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। গরু পাচারের ঘটনায় দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সোমবার রাতে খড়্গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে গুপ্তমণিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে রাস্তায় চেকিংয় চলছিল। সেই সময় বালিভাসা টোলপ্লাজায় খড়্গপুরগামী দু'টি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হয়। ট্রাক দু’টি দেখে বোঝার উপায় নেই। চালক দাবি করে, তাতে নিত‍্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। কিন্তু যে গন্ধ ট্রাক দু’টি থেকে বের হচ্ছিল তাতে সন্দেহ আরও জোরালো হয়। পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালাতে তাতে গরু উদ্ধার করা হয়ে। পুলিশ দেখে ট্রাক দু’টি গতি বাড়িয়ে দেয় বলেও দাবি করা হয়েছে।

দু'টি ট্রাক থেকে মোট ৪৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। দুই ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ রেজাউদ্দিন এবং সিরাজ শেখ। রেজাউদ্দিনের বাড়ি হুগলির পান্ডুয়ায়। সিরাজ বীরভূমের নলহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হয়েছে। বিচারক ধৃতদের ছ'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মানিকপাড়া বিট হাউসে উদ্ধার হওয়া গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে।

ধৃতদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। হাওড়ার উলুবেড়িয়া থেকে গরুগুলিকে আনা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুপ্তমণির জাতীয় সড়কে এলিফ্যান্ট করিডরের কাছে ট্রাক দু'টিকে আটকে গোরুগুলি উদ্ধার করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনায় আর কেউ জড়িত কি না জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরুপাচার বন্ধ করতে জাতীয় সড়কগুলিতে নজরদারি চালানো হচ্ছে।


Share