BJP

পুরসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে বিজেপির, বেলেঘাটায় ঘরে ঘরে পৌঁছে করতে হবে প্রচার, নির্দেশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তের

মঙ্গলবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন ২৯ এবং ডিলিমিটেশনের পর বর্তমান ৪৫ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৬

সামনেই কলকাতা পুরসভা নির্বাচন। তার আগে বিজেপি সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিচ্ছে। মঙ্গলবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন ২৯ এবং ডিলিমিটেশনের পর বর্তমান ৪৫ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার। পুরভোটের রণকৌশল নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে সুকান্তের স্পষ্ট বার্তা, শুধু ভোটের সময় প্রচারে নামলে হবে না। এখন থেকেই ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যা শুনতে হবে। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন সমস্যাগুলি চিহ্নিত করে কী ভাবে তার সমাধান করা যায়, সেই পথও দেখাতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের আস্থা অর্জনের উপরেই তিনি জোর দিয়েছেন।

বেলেঘাটায় তৃণমূলের বিধায়ক থাকলেও পুরসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক জনসংযোগকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির কলকাতা পুরভোটের ইনচার্জ। তাঁর বার্তা, বিরোধী দলের সমর্থকদের কাছেও পৌঁছোতে হবে। তাঁদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা জানতে হবে এবং বিজেপি কী ভাবে সেই সমস্যার সমাধানে কাজ করতে পারে, তা তুলে ধরতে হবে।

একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কর্মীদের সতর্ক করেছেন সুকান্ত। বিজেপির ‘আদি-নব্য’ বিভাজনকে গুরুত্ব না দিয়ে তিনি পুরভোটে জয়ের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। বৈঠকে দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচি তৈরি ও বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির ২৩ জন সদস্যের সঙ্গে আলোচনা করে দলীয় কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুথ ও ওয়ার্ডস্তরে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়।

সুকান্তের মূল লক্ষ্য, পুরভোটের আগে প্রতিটি ওয়ার্ডে বিজেপির সংগঠনকে মানুষের কাছে নিয়ে যাওয়া। তাঁর নির্দেশ, শুধুমাত্র ভোট চাওয়া নয়, মানুষের অভাব-অভিযোগ শুনে তার সমাধানের উদ্যোগ নিতে হবে। বিতর্ক বা রাজনৈতিক সংঘাতের বদলে কাজের পদ্ধতি, দক্ষতা এবং জনসংযোগের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।

বৈঠকের পর পুরভোটের পাশাপাশি সাম্প্রতিক একাধিক ইস্যুতেও বক্তব্য রাখেন সুকান্ত। তবে কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের দেওয়া তাঁর বার্তার মূল সুর—এখন থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ, মানুষের সমস্যা শোনা এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করে ভোটের প্রস্তুতি শুরু করা।


Share