Arrest With Arms

‘ভ্যালেন্টাইনস ডে’-তে বিয়ে করতে এসে আটক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ যুবক, স্কুটার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির মালিকানা, সেটি কী ভাবে স্কুটারের ডিকিতে এল এবং এর নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

শুক্রবার দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ। শনিবার কোনও পরীক্ষা না থাকায় প্রেমিকের সঙ্গে বিবাহ সেরে ফেলার পরিকল্পনা করেছিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু ‘ভ্যালেন্টাইনস ডে’-তেই বিয়ের রেজিস্ট্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল যুগল। শনিবার দুপুরে বর্ধমান শহরের রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিয়ে করতে যাওয়ার জন্য তাঁদের আটক করা হয়নি। তাঁদের স্কুটার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পুলিশ একটি নির্দিষ্ট স্কুটারের ওপর নজরদারি চালাচ্ছিল। খবর ছিল, বর্ধমান শহরে ঘোরাফেরা করা একটি স্কুটারের ডিকি আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্দেহভাজন স্কুটারটিকে গোলাপবাগ মোড়ের দিকে যেতে দেখা যায়। পরে সেটি রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড় করিয়ে হবু বর-কনে ভিতরে যান। কিছু ক্ষণ পর বাইরে বেরোতেই পুলিশ তাঁদের আটক করে। নির্দেশ মেনে স্কুটারের ডিকি খুলতেই একটি ছ’ঘড়ার রিভলভার উদ্ধার হয়।

ধৃত তরুণ-তরুণী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্রটি তাঁদের নয়। সেটি কী ভাবে স্কুটারের বুটে এল, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তরুণীর বাড়ি বর্ধমান শহরে। তিনি বিদ্যার্থী গার্লস স্কুলের ছাত্রী। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। অপর দিকে, যুবকের বাড়ি বাঁকুড়ায়। তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে থানায় পৌঁছোন তরুণীর দিদিমা। তাঁর দাবি, স্কুটারটি বাড়ির সকলে ব্যবহার করেন। নাচের স্কুল, টিউশন-সহ নানা কাজে নাতনি নিয়মিত স্কুটারটি নিয়ে যায়। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। তাঁর আশঙ্কা, কেউ পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির মালিকানা, সেটি কী ভাবে স্কুটারের ডিকিতে এল এবং এর নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share