Suicide Case

টিকিট না থাকায় জরিমানা, পরীক্ষায় বসা হল না- মেমারিতে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

অভিযোগ, পরীক্ষার দিন বর্ধমান স্টেশনে টিকিট না থাকায় জরিমানার পর বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। আর তাতেই এমন ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মেমারি
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৮

পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত রসুলপুরে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। মৃতার নাম জয়শ্রী সরকার (২০)। বর্ধমান উইমেন্স কলেজ-এর ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার ছিল তাঁর পরীক্ষা। পরিবার সূত্রে জানা যায়, সকালে রসুলপুর থেকে ট্রেনে করে পরীক্ষাকেন্দ্রের দিকে তিনি যাচ্ছিলেন। এমন সময়ই বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন। অভিযোগ, টিকিট না থাকায় তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। জরিমানাও করা হয়।

পরিবারের দাবি, ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জয়শ্রী। জরিমানা দেওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। ততক্ষণে কলেজে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। দুপুরে বাড়িতে একা থাকাকালীন তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর এলাকাবাসী শোকস্তব্ধ।

পরিবারের অভিযোগ, টিকিট পরীক্ষকের আচরণে অপমানিত হয়ে ছাত্রী এই ভয়াবহ সিদ্ধান্ত নেন। যদিও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


Share