Mysterious Death

মুর্শিদাবাদর জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, খুন নাকি রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

স্থানীয়দের অভিযোগ, তিন বছর ধরে পড়ে থাকা গাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৪

মুর্শিদাবাদের জলঙ্গিতে রাজ্য সড়কের ধারে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। শনিবার সকাল প্রায় ৯টা নাগাদ জলঙ্গি থানার জোড়তলা এলাকায় ঘটনাটি সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানার অদূরে রাজ্য সড়কের পাশে একটি গাড়ি প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শনিবার সকালে গাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করলে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা খুলে পুলিশ ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। প্রায় ১০-১২ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের একাংশের ধারণা, অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি ওই গাড়ির ভিতর ফেলে রাখা হয়ে থাকতে পারে। যদিও এই মুহূর্তে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, দীর্ঘদিন ধরেই গাড়িটি ওই জায়গায় পড়ে ছিল। এ দিন দুর্গন্ধ ছড়াতে শুরু করায় পুলিশে খবর দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share