Chandannagar Jagaddhatri Puja

মায়ের বিসর্জনে থমকে গেল ট্রেনের চাকা, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পেরোলেন চন্দননগরের মা জগদ্ধাত্রী

প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর দশমীরতে মায়ের শোভাযাত্রা ও নিরঞ্জন স্থগিত রাখা হয়েছিল। পরিবর্তে রবিবার সন্ধ্যায় চন্দননগরের ঐতিহ্যবাহী বিসর্জনের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

ভক্তদের কাঁধে চেপে রেল পার হচ্ছেন মা জগদ্ধাত্রী
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৬:৩২

চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো জগদ্ধাত্রী পুজো। মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে ওঠে চন্দননগরবাসী। আলোয় সেজে ওঠে গোটা শহর। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই বিশাল আকারের প্রতিমা। নজরকাড়া বিসর্জনের শোভাযাত্রা। তবে ভৌগোলিক কারণে প্রতি বছরই শহরের পশ্চিম পাড়ের পুজো উদ্যোক্তাদের প্রতিমা নিরঞ্জনে এক বিশেষ সমস্যার মুখোমুখি হতে হয়। গঙ্গা নদী রেললাইনের পূর্ব দিকে অবস্থিত। প্রতিমাগুলির উচ্চতা অত্যধিক বেশি হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে সেগুলিকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে চিরাচরিত প্রথা মেনে এ বছরও রেললাইন পেরিয়েই গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলেন মা জগদ্ধাত্রী।

রবিবার চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়া বারোয়ারি পুজো কমিটির প্রতিমা বিসর্জনের সময় এই দৃশ্য দেখা গেল। কমিটির সদস্যরা বিশালাকার প্রতিমাটিকে শক্তপোক্ত বাঁশের খাঁচায় দড়ি দিয়ে বেঁধে, ভক্তদের কাঁধে চেপে রেললাইন ধরে বেশ কিছুটা পথ পূর্ব পাড়ে এগোলেন তিনি। সেখানে অপেক্ষমাণ লরিতে প্রতিমা তুলে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

প্রতিমা পারাপারের এই গোটা প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করতে রেল প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে রেললাইনের দু’পাশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এই অভূতপূর্ব দৃশ্য চাক্ষুষ করতে চন্দননগর স্টেশন চত্বরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। গোটা সময়টায় রেল পুলিশ (জিআরপি), চন্দননগর পুলিশ কমিশনারেট এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সক্রিয়ভাবে পুজো উদ্যোক্তাদের সহযোগিতা করেন। প্রতিমা নিরাপদে লাইন পেরোনোর পর পুনরায় ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, বিশ্বখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা প্রথা অনুযায়ী দশমীর সন্ধ্যায় হওয়ার কথা থাকলেও, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে তা পিছিয়ে রবিবার সন্ধ্যায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শনিবার দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হতেই শহরের বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা বরণ ও সিঁদুর খেলা। এরপর ঢাক-ঢোল ও বাজনার তালে তালে শোভাযাত্রা সহকারে প্রতিমা গুলিকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে।


Share