Eastern Railway

দেরির নেপথ্যে দায়িত্বজ্ঞানহীন যাত্রী, অযথা চেন পুলিংয়ে ব্যাহত ট্রেন চলাচল, কড়া পদক্ষেপ পূর্ব রেলের

হাওড়া ডিভিশনে প্রতিদিন গড়ে পাঁচটি করে চেন টানার ঘটনা ঘটছে, বিশেষ করে হাওড়া–বর্ধমান শাখায়। এই সমস্যা রুখতে জরিমানা ও আইনানুগ ব্যবস্থার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:৩৪

নির্ধারিত সময়েই স্টেশন ছাড়ছে ট্রেন। রেললাইনে বা সিগন্যাল ব্যবস্থায় কোনও ত্রুটিও নেই। তবুও দূরপাল্লার ট্রেন মাঝেমধ্যেই দেরিতে চলছে দূর। এই রহস্যের খোঁজ করতে গিয়েই বড় তথ্য সামনে এসেছে রেল কর্তৃপক্ষের কাছে। জানা গিয়েছে, কিছু দায়িত্বজ্ঞানহীন যাত্রীর অকারণ চেন পুলিংয়ের কারণেই ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

রেল সূত্রে জানা গেছে, আপৎকালীন পরিস্থিতি ছাড়া ট্রেনের চেন টানা আইনত দণ্ডনীয় অপরাধ। অথচ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে প্রতিদিন গড়ে অন্তত পাঁচটি ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে চেন টানার ঘটনা ঘটছে। বিশেষ করে হাওড়া-বর্ধমান শাখায় এই প্রবণতা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। এই বিষয়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, সম্প্রতি এক শ্রেণির যাত্রী স্টপেজ নেই এমন প্ল্যাটফর্মে নামার উদ্দেশ্যে চলন্ত ট্রেনে চেন টানছেন। এর ফলে শুধু ওই ট্রেনই নয়, তার পিছনে থাকা একাধিক দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই পুরো লাইনের সময়সূচি এলোমেলো হয়ে যাচ্ছে। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

ডিআরএম আরও জানান, হাওড়া-বর্ধমান লাইনে প্রতিদিন গড়ে পাঁচটি, অর্থাৎ মাসে প্রায় দেড়শোটি অযথা চেন পুলিংয়ের ঘটনা নথিভুক্ত হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। জরুরি কারণ ছাড়া চেন টানলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার পাশাপাশি তাঁদের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি যাত্রীদের সচেতন করতে রেল উদ্যোগী হয়েছে। আরপিএফ সূত্রে খবর, দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে মাইকিং করে যাত্রীদের সতর্ক করা হচ্ছে। অকারণে চেন টানা যে অপরাধ এবং এর ফলে বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়—সেই বিষয়েই বারবার প্রচার চালানো হচ্ছে। অনেক যাত্রীই রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, অযথা চেন পুলিংয়ের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। তাই রেল কর্তৃপক্ষের কড়া অবস্থান যথার্থ বলেই মত যাত্রীদের একাংশের।


Share