Mimi Chakraborty

মঞ্চ-বিবাদে গ্রেফতার জ্যোতিষী তনয় শাস্ত্রী, হাসপাতালে শুয়েই মিমিকে হুমকি, বনগাঁয় তুঙ্গে বিতর্ক

এই ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন এবং তাঁর গান বন্ধ করে তাঁকে নামিয়ে দেওয়া হয়। অভিনেত্রী জানান, এতে তিনি অপমানিত বোধ করেছেন। যদিও ক্লাব কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়েই মিমি-কে হুমকি তনয় শাস্ত্রীর
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০২:১১

মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্তা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। গ্রেফতার হওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও নিজের অবস্থানে অনড় ধৃত জ্যোতিষী। তাকে হাসপাতালের বেডে শুয়েই অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর উদ্দেশে হুমকি দিতে দেখা যায়। মিমিকে ‘ছাড়বেন না’ বলেও তনয় হুঁশিয়ারি দেন। যদিও এই হুমকিকে মিমি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। প্রাক্তন সাংসদ-অভিনেত্রী বলেন, “একটা লোককে যতটা ফুটেজ দেওয়া উচিত নয়, ততটা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি।”

উল্লেখ্য, গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী আমন্ত্রিত ছিলেন। রাত ১০টা ৩০ নাগাদ তাঁর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অভিযোগ, প্রায় এক ঘণ্টা দেরিতে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে রাত ১১ টা ৪৫ বেজে যায়। অভিযোগ, প্রশাসনের দেওয়া অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্তই অনুষ্ঠানের সময়সীমা থাকায় তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় মিমি চক্রবর্তী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন এবং তাঁর গান বন্ধ করে তাঁকে নামিয়ে দেওয়া হয়। অভিনেত্রী জানান, এতে তিনি অপমানিত বোধ করেছেন। যদিও ক্লাব কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্লাব কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাসের দাবি, মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ তিনি একঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া সময় এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তাঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা তাকে সসম্মানেই বিদায় দিয়েছেন।

মিমির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার তিনদিন পর, বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। ঠেলাঠেলির মধ্য দিয়েই পুলিশ তাঁকে আটক করে বাইরে নিয়ে আসে। বনগাঁ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


Share