Agitation

বিরিয়ানির টোপ দেখিয়ে স্কুলের ছাত্রদের মুখ‍্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ, হুগলির নালিকুলের স্কুলে অভিভাবকদের বিক্ষোভের মুখে শিক্ষক

অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের নিয়ে সভায় নিয়ে যাওয়ার কথা তাঁদেরকে আগে থেকে জানানো হয়নি। অভিভাবকেরা শিক্ষকের কাছ থেকে উপযুক্ত পড়ুয়াদের মুখ‍্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার ব‍্যপারে নির্দেশিকা আছে কি না তা দেখতে চান। কিন্তু তা কোনও শিক্ষকই দেখাতে পারেননি বলে অভিভাবকেরা দাবি করেছেন।

নালিকুলের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:৪৫

‘এটা কি দলীয় কার্যালয়, না স্কুল!’ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার স্কুলের ছাত্রদের নিয়ে যাওয়ার অভিযোগ হুগলিতে। অভিভাবকদের অভিযোগ, বিরিয়ানির টোপ দিয়ে স্কুলের ছাত্রদের মুখ‍্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সভাতে স্কুলের পড়ুয়াদের যে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়ে অভিভাবকদের ধোঁয়াশায় রাখা হয়েছে।

হুগলির নালিকুলে দেশবন্ধু বাণী মন্দির স্কুলে ঘটনাটি ঘটেছে। প্রতিদিনের মত বুধবারও স্কুলে পড়ুয়ারা এসেছিল। কিন্তু ছুটি হওয়ার সময় স্কুলে তাদের ছেলেদের নিতে এসে দেখতে পান, তারা কেউ স্কুলে নেই। স্কুল ফাঁকা। জানতে পারেন, স্কুলের সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে।

এর পরেই শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের নিয়ে সভায় নিয়ে যাওয়ার কথা তাঁদেরকে আগে থেকে জানানো হয়নি। অভিভাবকেরা শিক্ষকের কাছ থেকে উপযুক্ত পড়ুয়াদের মুখ‍্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার ব‍্যপারে নির্দেশিকা আছে কি না তা দেখতে চান। কিন্তু তা কোনও শিক্ষকই দেখাতে পারেননি বলে অভিভাবকেরা দাবি করেছেন।

ইতিমধ্যেই কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্কুলের পড়ুয়ারা দলে দলে স্কুলে ফিরছে। তাঁদের হাতে রয়েছে একটি বিরিয়ানির প্যাকেট। কোথায় গিয়েছিল বলে তাঁদের কে জিজ্ঞেস করলে, পড়ুয়ারা বলে, “সিঙ্গুরে গিয়েছিলাম।” এ ছাড়াও, স্কুলের মধ্যেও অভিভাবকেরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদেরকে বলতে শোনা যাচ্ছে, “এটা তো স্কুল। তৃণমূলের দলীয় কার্যালয় নয়। আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে। পার্টি করতে আসে না। তাহলে আপনি কাকে বলে আমার ছেলেকে দিদির সভাতে পাঠিয়েছেন।”

এক পড়ুয়ার মা বলেন, “আমার ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে। সকালে স্কুলে পাঠিয়েছিলাম। এখনও আসেনি। শিক্ষককের সাথে কথা বললে তারা কিছু জানাচ্ছে না। সকালে স্কুলে এসেছে বাস ভর্তি করে নিয়ে চলে গিয়েছে।”

উল্লেখ্য, বুধবার হুগলির সিঙ্গুর ইন্দ্রখালীর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভা করেন। সেখান থেকে উদ্বোধন করেন একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এ দিন মুখ্যমন্ত্রীর সভার সামনের সারিতে বসে থাকতে দেখা যায় একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের। তাদের হাতে ছিল নানান সরকারি প্রকল্পের প্ল্যাকার্ডে। অন্যান্য স্কুলের মত হুগলির নালিকুলের দেশবন্ধু বাণী মন্দিরের ছাত্রদেরও নিয়ে যাওয়া হয়েছিল সেই সভায়।


Share