TMC Political Crisis

জোর করে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা শ‍্যামল মিত্র, থানা থেকে বের করার সময় চড়-থাপ্পড়, ছোঁড়া হল ডিম

শিবপুর থানা থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়েন শ‍্যামল মিত্র। তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এমনকী, ভিড়ের মধ্যে থেকে কেউ ঢুকে পড়ে চড়-থাপ্পড় মারে। ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে। তাঁকে শনিবার হাওড়া আদালতে হাজির করানো হবে।

হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা শ‍্যামল মিত্র গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০১:৫০

জোর করে বাড়ি দখল, তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম শ‍্যামল মিত্র। শনিবার সকালে শ‍্যামলকে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হবে।

শ‍্যামল মিত্র হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ছিলেন। হয়েছিলেন মেয়র পারিষদও। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ছাড়াও, মোহনবাগান ক্লাবের পদেও বেশ কয়েক বছর ছিলেন। পালাবদলের পরে জনরোষের মুখে পড়তে হয়েছিল। গত জুন মাসে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয়েছিল। 

শ‍্যামলের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোরপূর্বক বাড়ি দখল করতেন। প্রোমোটার, ঠিকাদারদের কাছ থেকে তোলার নিয়েছেন। এ ছাড়াও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে একটি হিংসার মামলাও তাঁর বিরুদ্ধে শিবপুর থানায় দায়ের করা হয়। এফআইআর দায়ের হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ তাঁকে কেন গ্রেফতার করছে না তা নিয়ে এলাকায় ক্ষোভও জমছিল। 

পুলিশের সূত্রের খবর, শ‍্যামলের মোবাইল নম্বর ট্র্যাক করে নিউ টাউনের একটি ঠিকানা পাওয়া যায়। এর পরেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা শনিবার সকালে নিউ টাউনের অ‍্যাকশন থ্রি-৬৫৬ নম্বর প্লটের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেই ফ্ল‍্যাটে সেই সময় গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই ফ্ল‍্যাটটি কার তা এখনও স্পষ্ট নয়। তাঁকে তার পরে শিবপুর থানায় আনা হয়। 

শিবপুর থানা থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়েন শ‍্যামল মিত্র। তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এমনকী, ভিড়ের মধ্যে থেকে কেউ ঢুকে পড়ে চড়-থাপ্পড় মারে। ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে। তাঁকে শনিবার হাওড়া আদালতে হাজির করানো হবে।


Share