Molestation

কলকাতার কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, প্রেমিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত

পুলিশে দেওয়া অভিযোগে তরুণীর দাবি, ২ ও ৩ ফেব্রুয়ারি বেহালার একটি ফ্ল্যাটে তাঁকে জোর করে আটকে রাখা হয়। অভিযোগ, ওই সময় তাঁর ওপর শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তা চালানো হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, বেহালা
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬

কনটেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ ওরফে শমীক অধিকারীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগকারী, যিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকা বলে দাবি করেছেন, জানিয়েছেন যে তাঁকে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। এই অভিযোগে বেহালা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর-এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশে দেওয়া অভিযোগে তরুণীর দাবি, ২ ও ৩ ফেব্রুয়ারি বেহালার একটি ফ্ল্যাটে তাঁকে জোর করে আটকে রাখা হয়। অভিযোগ, ওই সময় তাঁর ওপর শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তা চালানো হয়েছে। পাশাপাশি তিনি মানসিকভাবে হেনস্তার কথাও উল্লেখ করেছেন। বুধবার কোনওভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর শমীক অধিকারী তা অস্বীকার করেছেন। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর দাবি, তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে সাম্প্রতিক অশান্তির জেরে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাঁর কথায়, সম্পর্কে ঘনিষ্ঠতা থাকলে তা সম্মতির ভিত্তিতেই হয়েছে।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সম্প্রতি শমীকের একটি সরকার-সমালোচনামূলক ভিডিও ভাইরাল হয়েছিল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগের প্রসঙ্গ টেনে সমাজমাধ্যমে সমালোচনা করেছেন। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের দাবি, শমীককে নিশানা করে পরিকল্পিত ভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।


Share