Road Accident

হলদিয়ার সুতাহাটায় বাস–বাইক মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন জনের

প্রাথমিক তদন্তে বাসের স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় মৃত্যু তিন জনের। আহত দশ জন।

দুর্ঘটনাগ্রস্ত বাস
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:৩৮

হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত ঘোষের মোড় এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বালুঘাটা–কুঁকড়াহাটি রোডে একটি যাত্রীবাহী বাস ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অরূপ মণ্ডল (৫২), প্রতিমা মণ্ডল (৪৫) ও সুজিতা মণ্ডল (১৩)। তিন জনই সুতাহাটা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। ঘটনায় আহত অন্তত দশ জন। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত দশ জন যাত্রী। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচ জনকে ভর্তি করা হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল প্রায় পৌনে ১১টা নাগাদ কুঁকড়াহাটিমুখী ঘোষের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাসটির স্টিয়ারিংয়ে আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাইকে সজোরে ধাক্কা মারে। বাইকে চালক-সহ তিন জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। সংঘর্ষের জেরে তিন জনই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সুতাহাটা থানার পুলিশ। বাসটির গতি, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনও কারণের জন্য দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share