Accident

বিয়ের আগেই স্বপ্নভঙ্গ! রেজিস্ট্রি করে ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হবু বরের, নিহত আরও এক

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মাধবপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাইকচালকের। গুরুতর জখম আরও দু’জন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:১৫

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মাধবপুর এলাকায় শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দু’জন আরোহী।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লা। চন্দন মাধবপুরের আটাপাড়া এলাকার বাসিন্দা। সাহারুল দাদপুর এলাকার বাসিন্দা। রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদা দুর্ঘটনায় আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চন্দন বৈদ্য তাঁর সঙ্গী রচনা হালদারের সঙ্গে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করে কেনাকাটা সেরে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি বাইক আসছিল। পরস্পর বিপরীতমুখী দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি চালাচ্ছিলেন সাহারুল মোল্লা, সঙ্গে ছিলেন তামিম হোসেন পিয়াদা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত চার জনকে উদ্ধার করে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত রচনা হালদার ও তামিম হোসেন। পিয়াদার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share