Mysterious Death

মায়ের পাশ থেকে উধাও ছ’মাসের শিশু! দীর্ঘক্ষণ খোঁজের পর ডোবা থেকে উদ্ধার নিথর দেহ, গ্রেফতার পরিবারেরই এক সদস্য

পরিবারের দাবি, রাত প্রায় ১২টা নাগাদ শিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন স্মিতা। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, মেয়েটি পাশে নেই। একই সঙ্গে ঘরের দরজা-জানালাও খোলা অবস্থায় দেখতে পান।

ডোবা থেকে উদ্ধার ছয় মাসের শিশুর দেহ।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৬:৩৪

রাতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিল মাত্র ছ’মাসের শিশু কন্যা। কিন্তু সকালে ঘুম ভাঙতেই মেয়েকে বিছানায় না দেখে আতঙ্ক ছড়ায় পরিবারের মধ্যে। শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওকরাবাড়ির বাসিন্দা সাদ্দাম হকের স্ত্রী স্মিতা পরভিন তাঁর ছ’মাসের কন্যাকে নিয়ে ঘুমোচ্ছিলেন। একই ঘরে ছিলেন শিশুর কাকিমা রেখা খাতুন এবং পিসি আহিমা খাতুনও। পরিবারের দাবি, রাত প্রায় ১২টা নাগাদ শিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন স্মিতা। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, মেয়েটি পাশে নেই। একই সঙ্গে ঘরের দরজা-জানালাও খোলা অবস্থায় দেখতে পান।

এরপর পরিবারের সদস্যদের ডেকে শিশুর খোঁজ শুরু হয়। বাড়ির আশপাশে তল্লাশি চালানোর পাশাপাশি নিকটবর্তী জলাশয়গুলিতেও খোঁজ করা হয়। দীর্ঘ সময় পর বাড়ি থেকে কিছুটা দূরের একটি ডোবা থেকে উদ্ধার হয় শিশুটির দেহ।

শিশুর মা স্মিতা পরভিন বলেন, ‘‘রাতে দেওরের স্ত্রী আর ননদের সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিলাম। রাত ১২টা নাগাদ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সকালে উঠে দেখি ও নেই।’’ অন্য দিকে, শিশুর কাকিমা রেখা খাতুনের দাবি, রাতে তিনি শৌচাগারে গিয়েছিলেন। পরে ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন।

তবে একই ঘরে তিনজন প্রাপ্তবয়স্ক মহিলা থাকা সত্ত্বেও ছ’মাসের একটি শিশু কীভাবে ঘর থেকে বেরিয়ে গেল, তা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।

ঘটনার তদন্তে নেমে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পরিবারেরই এক সদস্য, রেখা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান।

ঘটনাস্থলে পৌঁছোন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, দিনহাটা থানার আইসি-সহ পুলিশ কর্তারা। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।


Share