Fraud

ব্যাঙ্কে গিয়ে খুলতেই চোখ কপালে! রুমালে সোনা নয় পাথর, পুলিশ পরিচয়ে ২৫ গ্রাম গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে তোলপাড় কোচবিহার

রুমাল খুলতেই তিনি দেখেন, সোনার হার ও আংটির বদলে সেখানে রয়েছে একটি পাথরের টুকরো।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৩:২৪

পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হলেন এক অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ার। পথচারীকে ভয় দেখিয়ে তাঁর সোনার হার ও আংটি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাট্য সঙ্ঘ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরী মঙ্গলবার ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছু দূর যেতেই দুই হিন্দিভাষী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁকে আটকে দেন। অভিযোগ, তাঁরা গৌরাঙ্গবাবুকে জানান, আগের দিন খাগড়াবাড়ি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই হাতে ও গলায় সোনার গয়না পরে বের হওয়া নিরাপদ নয়। অবিলম্বে গয়নাগুলি খুলে ফেলতে তাঁকে পরামর্শ দেন তাঁরা।

গৌরাঙ্গ চৌধুরীর দাবি, ওই দুই ব্যক্তি তাঁর আংটি ও সোনার হার খুলে দিতে সাহায্য করেন। এরপর একটি সাদা কাগজে গয়নাগুলি মুড়ে রাখা হয়। পরে রাস্তার উল্টো দিক থেকে এক ব্যক্তির কাছ থেকে একটি সাদা রুমাল এনে তাতে ওই প্যাকেটটি মুড়ে গৌরাঙ্গবাবুর হাতে তুলে দিয়ে তাঁকে চলে যেতে বলেন।

ব্যাঙ্কে পৌঁছে রুমালটি অস্বাভাবিক ভারী মনে হওয়ায় তাঁর সন্দেহ হয়। রুমাল খুলতেই তিনি দেখেন, সোনার হার ও আংটির বদলে সেখানে রয়েছে একটি পাথরের টুকরো। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর দাবি, হার ও আংটি মিলিয়ে প্রায় ২৫ গ্রাম সোনার গয়না প্রতারকেরা হাতিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।


Share