Political Chaos

সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কোচবিহারে তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে উত্তাল এলাকা

বিক্ষোভ চলাকালীন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে স্লোগানও ওঠে। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:৪৬

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। পরবর্তী সময়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ন’টি আসনের মধ্যে একমাত্র তৃণমূল প্রার্থী হিসেবে জয় পান তাঁর স্ত্রী সঙ্গীতা রায়। সেই জনপ্রতিনিধি দম্পতির বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। সেই ‘কাটমানি’ ফেরতের দাবিতেই এ দিন জগদীশচন্দ্র ও সঙ্গীতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ চলাকালীন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে স্লোগানও ওঠে। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পূর্বতন শাসকদলের নেতাদের আশ্বাসে তাঁরা প্রতারিত হয়েছেন। তাঁদের কাছ থেকে নেওয়া অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পুলিশ-প্রশাসনের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বা বিধায়ক সঙ্গীতা রায়। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় তাঁদের দেখা মিলছে না। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাংসদ ও বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাঁদের পাওয়া যায়নি।


Share