Negligence Sparks Protest

ডুবে যাওয়া রোগী এমার্জেন্সিতে পড়ে রইল এক ঘণ্টা! সিনিয়র চিকিৎসক না থাকায় মালদহ মেডিকেলে বিক্ষোভ

পুকুরে মাছকে খাবার দিতে গিয়ে ডুবে মৃত্যু মেহেদি হাসানের। উদ্ধার করে মালদহ মেডিকেলে আনা হলে চিকিৎসক না থাকার অভিযোগ ওঠে। হাসপাতালে উত্তেজনা, পুলিশে পরিস্থিতি নিয়ন্ত্রণ, তদন্ত শুরু।

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:১৯

পুকুরে মাছকে খাবার দিতে গিয়ে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত এলাকায়। মৃতের নাম মেহেদি হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মাছকে খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি জলে পড়ে যান এবং ডুবে যান। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানেই শুরু হয় বিতর্ক।

মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, ভরদুপুরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুযায়ী, প্রায় এক ঘণ্টা ধরে রোগীকে কোনও চিকিৎসা না দিয়েই এমার্জেন্সিতে ফেলে রাখা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা। হাসপাতালের কর্মীদের সঙ্গে শুরু হয় বচসা। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প ও ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সদস্যও। তাঁর অভিযোগ, এত বড় একটি মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালেই পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


Share