Fire Arms

মাঝির বেশে অভিযান চালিয়ে মাঝগঙ্গা থেকে গ্রেফতার এক অস্ত্র পাচারকারী, গঙ্গায় ঝাঁপ দিয়ে পলাতক দুই অভিযুক্ত

জানা গিয়েছে, মাঝগঙ্গা থেকে ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে ধরেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে মিলেছে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন-সহ ২১ রাউন্ড গুলি।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১২:২১

মাঝির ছদ্মবেশে মালদহের গঙ্গায় পুলিশের অভিযান। অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অস্ত্র পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মাঝগঙ্গা থেকে ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে ধরেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে মিলেছে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন-সহ ২১ রাউন্ড গুলি।

গোপন সূত্রে খবর পেয়ে জলপথে অস্ত্র আমদানির চেষ্টা বানচাল করল পুলিশ। জানা গিয়েছে, একটি নৌকায় করে মালদহের কালিয়াচকের চড়বাবুপুর গঙ্গার ঘাটে অস্ত্র আনা হচ্ছিল। অভিযুক্তদের হাতেনাতে ধরতে পুলিশ ছদ্মবেশ নেয়। মাঝি সেজে পুলিশকর্মীরা মাঝগঙ্গায় পৌঁছন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। তবে অস্ত্র-সমেত গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগরের বাসিন্দা সাবির আলমকে। ধৃতের বয়স ২১ বছর।

পুলিশের সন্দেহ, সাবির বেআইনি অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত। তাকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। ধৃতকে আদালতে হাজির করিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে।

মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।


Share