TMC-BJP Clash

ড্রাগ মাফিয়ার সঙ্গে মন্ত্রীর ‘ঘনিষ্ঠতা’! মালদহের জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ বিজেপির

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারক ঘোষ জানান, কিছুদিন আগেই এই ড্রাগ মাফিয়াকে জন্মদিনের কেক খাইয়ে দিতে দেখা গিয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই মানুষের সামনে তাঁর আসল চেহারা বেরিয়ে পড়েছে।

ভাইরাল ছবি
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:১৭

মাদক পাচারকারীর সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক ছড়াল মালদহে। বৈষ্ণবনগর বিধানসভা এলাকার মির্জাচকে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা তারক ঘোষ।

বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলার সহ-সভাপতি তারক ঘোষ দাবি করেন, পুলিশের হাতে সম্প্রতি গ্রেফতার হওয়া কুখ্যাত ড্রাগ মাফিয়া এনারুল শেখের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁর অভিযোগ, কোলকাতা থেকে গ্রেফতার হওয়া ওই মাদক পাচারকারীর সঙ্গে মন্ত্রীর একাধিক ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারক ঘোষ জানান, কিছুদিন আগেই এই ড্রাগ মাফিয়াকে জন্মদিনের কেক খাইয়ে দিতে দেখা গিয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই মানুষের সামনে তাঁর আসল চেহারা বেরিয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, রাজ্যের শাসকদল মাদকচক্রকে মদত দিচ্ছে এবং প্রশাসনের একাংশ তা জেনেও নীরব ভূমিকা পালন করছে।

বিজেপি নেতার এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে এ ধরনের অভিযোগ-প্রতিযোগিতায় রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে।


Share