CAA Citizenship Achieved

এসআইআর আবহে সিএএ-তে আবেদন, নাগরিকত্বের শংসাপত্র পেলেন মালদহের বাসিন্দা

ভোটার তালিকা সংশোধনের আবহে মালদহের হবিবপুরে সিএএ-তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেলেন সত্যরঞ্জন বারুই। তাঁর বাড়িতে গিয়ে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানালেন বিজেপি বিধায়ক।

সিএএ-তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেলেন মালদহের বাসিন্দা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

রাজ্য জুড়ে ভোটার তালিকা নিবিড় সংশোধন আবহের মধ্যেই সিএএ-তে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেলেন মালদহের হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের এক ব্যক্তি। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে গিয়ে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হবিবপুরের বিজেপি বিধায়ক।

নাগরিকত্বের শংসাপত্র প্রাপ্ত ব্যক্তির নাম সত্যরঞ্জন বারুই। তিনি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামের বাসিন্দা। সত্যরঞ্জন বারুই জানান, তিনি ও তাঁর পরিবার এক সময় বাংলাদেশে বসবাস করতেন। ধর্মীয় নিপীড়নের কারণে ১৯৮৮ সালে তাঁরা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন। এরপর দীর্ঘদিন নাগরিকত্বহীন অবস্থায় ভয়ভীতি নিয়েই ভারতে বসবাস করতে হয়েছে তাঁদের।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে আশ্বস্ত হয়ে গত বছরের আগস্ট মাসে সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদন জমা দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে তাঁর হিয়ারিং হয়। হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সম্প্রতি তিনি ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র হাতে পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে এই সাফল্যের খবর জানতে পেরে হবিবপুরের বিজেপি বিধায়ক এদিন সত্যরঞ্জন বারুই-এর বাড়িতে যান। সেখানে তাঁর গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক। পাশাপাশি, সত্যরঞ্জন বারুই-এর মতো অন্যান্য উদ্বাস্তুদেরও সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি।


Share