Protest in Malda

মালদহে বেহাল রাস্তার দাবিতে ফের অবরোধ, চরম যানজট ইন্দিরা মোড়ে

ব্যবসায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ এই অবরোধ চলবে।

বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:০৭

দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ইন্দিরা মোড় থেকে বারদুয়ারি ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা। রাস্তার পিচ উঠে গিয়ে সর্বত্র তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানা-খন্দ, যার জেরে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ-সহ ব্যবসায়ীদের।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও বাস্তবে কোনও পদক্ষেপ করা হয়নি। এর আগেও হরিশ্চন্দ্রপুর ব্যবসায় সমিতির পক্ষ থেকে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। সে সময় প্রশাসনের তরফে তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের পথে নামল হরিশ্চন্দ্রপুর ব্যবসায় সমিতি। ইন্দিরা মোড়ে বাস ব্যারিকেড লাগিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, আর আশ্বাস নয়, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে।

ব্যবসায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ এই অবরোধ চলবে।

অবরোধের জেরে এলাকায় যানজট সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Share