BDO Vanishes Amid Charges

রাজগঞ্জের বিডিও ‘নিখোঁজ’, গ্রেফতারি পরোয়ানা জারির পরও অধরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজগঞ্জে খুনের অভিযোগে অভিযুক্ত বিডিও নিখোঁজ, গ্রেফতারি পরোয়ানা জারির পরও হদিস নেই। প্রতিবাদে এসএফআই-এর নাটকীয় কর্মসূচি, প্রশাসনের ভূমিকা ঘিরে তীব্র প্রশ্ন স্থানীয়দের।

প্রশান্ত বর্মনের 'সন্ধান চাই' পোস্টার
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৬

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনের অভিযোগ থাকলেও তাঁকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। সম্প্রতি আদালতের নির্দেশে ওই বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও তাঁর কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, টানা চার–পাঁচ দিন ধরে তিনি অফিসেও আসছেন না।

এই পরিস্থিতিতে শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে নাটকীয় প্রতিবাদে নামেন স্থানীয় এসএফআই সদস্যরা। অফিসের সামনে লিফলেট বিলি করে তারা জানায়, “রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই।” শুধু তাই নয়, পথ চলতি সাধারণ মানুষ, টোটো ও বাইক আরোহীদের থামিয়েও একই দাবি জানাতে দেখা যায়। পরে বিডিও অফিসের গেটের দু’পাশে ওই লিফলেট সাঁটিয়ে দেওয়া হয়।

এসএফআই-এর পক্ষ থেকে দিলদার মোহাম্মদ জানান, গরিব মানুষ, ছাত্র বা চাকরি প্রার্থীরা আন্দোলন করলেই পুলিশ দ্রুত সক্রিয় হয়। অথচ খুনের অভিযোগে অভিযুক্ত একজন প্রশাসনিক কর্তাকে ধরতে এত সময় লাগছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অভিযুক্ত বিডিওকে গ্রেফতার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা বলেও অভিযোগ করেন এসএফআই নেতৃত্ব।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, একজন বিডিওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে না পারা কি প্রশাসনের অক্ষমতার ইঙ্গিত নয়? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।


Share