Haldiram Prabhuji Raid

রান্নাঘরে নোংরা, আরশোলার উপস্থিতি! VIP রোডের ধারে হলদিরাম প্রভুজি আউটলেট দু’দিন বন্ধের নির্দেশ

হলদিরাম প্রভুজি আউটলেটের রান্নাঘরে নোংরা ও আরশোলার উপস্থিতি, পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত করার নির্দেশে দু’দিন বন্ধ থাকবে রেস্তোরাঁটি।

হলদিরাম প্রভুজির রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের দল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:১৫

খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে ফের প্রশ্ন উঠল রাজ্যের এক জনপ্রিয় রেস্তোরাঁকে ঘিরে। ভিআইপি রোডের ধারে কৈখালির হলদিরাম এলাকার প্রভুজি আউটলেটে অভিযান চালিয়ে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশের হদিস পেলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। অভিযোগ, রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল নোংরা। এমনকী, সেখানে আরশোলার উপস্থিতিও নজরে আসে। পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাতত দু’দিনের জন্য আউটলেটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন অভিযান খাদ্য সুরক্ষা দফতরের?

খাবারের গুণগত মান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গত কয়েক দিন ধরেই বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর।  সেই অভিযানের অংশ হিসেবেই মঙ্গলবার কৈখালির প্রভুজি রেস্তোরাঁয় পৌঁছন আধিকারিকরা। পরিদর্শনের সময় রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিস্থিতি তাঁদের নজরে আসে। রান্নার জায়গায় নোংরা জমে থাকা এবং আরশোলার উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

দপ্তরের নির্দেশ অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর ফের পরিদর্শনে যাবেন আধিকারিকরা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যবস্থাপনায় তাঁরা সন্তুষ্ট হলে তবেই পুনরায় আউটলেট খোলার অনুমতি মিলতে পারে।

কী বলছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ?

আউটলেটের দায়িত্বে থাকা কর্মী রাঘব পোদ্দার জানিয়েছেন, ফ্লাই ক্যাচার খারাপ হয়ে যাওয়ায় মাছির সমস্যা হচ্ছিল। পাশাপাশি, তার এবং কাউন্টারের কিছু সমস্যাও রয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে দু’দিন আউটলেট বন্ধ রেখে ডিপ ক্লিনিং ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সমস্যাগুলি মিটিয়ে দ্রুত পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগেও উঠেছিল অভিযোগ

উল্লেখ্য, গত শনিবার সল্টলেকের সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পনির ও বাসি মাংস উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। এবার কৈখালির প্রভুজি আউটলেটের রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন ওঠায় ফের আলোচনায় খাদ্য সুরক্ষার বিষয়টি।

রাজ কচুরি, পাওভাজি, চাট, ধোকলা থেকে শুরু করে কাজু বরফি ও শোনপাপড়ির মতো নানা খাবারের জন্য পরিচিত এই আউটলেটে বহু মানুষ যাতায়াতের পথে খাবার কেনেন। তাই রান্নাঘরের পরিবেশ নিয়ে অভিযোগ সামনে আসতেই খাবারের স্বাস্থ্যসম্মত প্রস্তুতি ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


Share