Special Intensive Revision

২০০২ সালের ভোটার তালিকায় বাবার এবং নিজের নাম ভুল, রাজ‍্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআরের শুনানিতে তলব কমিশনের

মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তাঁর এবং তাঁর বাবার নাম ২০০২ সাল থেকেই একই রয়েছে। বর্তমানেও কোনও পরিবর্তন হয়নি। অভিযোগ, সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে শুনানির নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন অযথা হয়রানি করছে বলেও অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী।

রাজ‍্যের মন্ত্রী তাজমুল হোসেন।
নিজস্ব সংবাদদাতা, হরিশচন্দ্রপুর
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৫৯

২০০২ সালে ভোটার তালিকায় পিতা এবং নিজের নামের ভুল রয়েছে। সেই মর্মে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর-এর শুনানিতে ডাকল নির্বাচন কমিশন। জানা গিয়েছে তিনি ‘আন ম‍্যাপিং’-এর তালিকায় এসেছেন। রাজ্যের মন্ত্রীকে শুনানিকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে আসতে হবে। অন‍্যদিকে, এসআইআর-এর শুনানিতে ডাক পাওয়ায় হয়রানির অভিযোগ করছেন রাজ‍্যের মন্ত্রী তাজমুল হোসেন। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও।

রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মালদহের হরিশচন্দ্রপুর বিধানসভার ২০২ নম্বর অংশের খিজিরিয়া বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান করেন। তার শুনানির নোটিস অনুযায়ী, বর্তমানের ভোটার তালিকায় তাঁর এবং পিতার নাম যা দেওয়া রয়েছে তার সঙ্গে ২০০২ সালে এসআইআর-এর তালিকায় থাকা সেই নামের সঙ্গে মিল নেই। এনুমারেশন ফর্মে থাকা লিঙ্কের কলামের সঙ্গে কোনও মিল নেই। অর্থাৎ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ‘আন ম‍্যাপটড’। তাঁকে আগামী ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টার মধ্যে শুনানিকেন্দ্রে আসতে বলা হয়েছে।

শুনানির নোটিশ পেয়েই তিনি হয়রানির অভিযোগ তুলছেন। মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তাঁর এবং তাঁর বাবার নাম ২০০২ সাল থেকেই একই রয়েছে। বর্তমানেও কোনও পরিবর্তন হয়নি। অভিযোগ, সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে শুনানির নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন অযথা হয়রানি করছে বলেও অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী।

তাজমুল হোসেনকে কটাক্ষ করে মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “তাঁর এবং তাঁর বাবার নামের গড়মিল রয়েছে বলেই ডাকা হয়েছে। তৃণমূলের এতো মন্ত্রী রয়েছে তাঁদেরকে তো ডাকা হচ্ছে না।” তাঁর অভিযোগ, “এতোগুলি রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও কোনও অভিযোগ নেই। যত অভিযোগ এই রাজ্যেই। তৃণমূল আসলে দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটার তালিকায় রেখে ভোট করিয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিষ্কার করার পদক্ষেপ করেছে। তাই এতে বিরোধীতা করা হচ্ছে।”


Share