Murder Case

ইসলামপুরে প্রচার সেরে বাড়ি ফেরার পথে খুন সিপিএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০২:০১

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সোমবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক সিপিএম কর্মী খুন হলেন। মৃতের নাম নুর আজম (২৬)। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে নুর আজম নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তাতেই তাঁকে ঘিরে ধরা হয়। তারপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সিপিএম সরাসরি অভিযোগ তুলেছে। যদিও শাসক দল সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

সিপিএমের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নুর আজমকে প্রচারে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। দলীয় নেতা স্বপন গুহ নিয়োগীর দাবি, “দলীয় প্রার্থী সামু খানের হয়ে প্রচার করছিল নুর আজম। কথা না শোনায় পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।” অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত এলাকায় পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, “মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে।”


Share