Molestation

শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় সাহায্যের নাম করে চা বাগানে নিয়ে গিয়ে এক ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রধাননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই দুই যুবক বিবেক মুণ্ডা ও রাজুচিক বড়াইককে গ্রেফতার করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:১৯

বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার সময় এক নাবালিকার সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটে শিলিগুড়িতে। সাহায্যের নাম করে তাকে চা বাগানের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে বছর পনেরোর ওই কিশোরীর উপর নির্যাতন চালানো হয়। ঘটনার পর পরিবারের তরফে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিবেক মুণ্ডা ও রাজুচিক বড়াইক। তারা দু’জনেই গুলমা এলাকার বাসিন্দা। ঘটনাটি গুলমার রাঁচিগাঁও খেললাইন সংলগ্ন চা বাগানে ঘটে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই নাবালিকা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। রাতে খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় অভিযুক্ত দুই যুবক তাকে সাহায্য করার প্রস্তাব দেয়।নাবালিকা দু’জনকেই আগে থেকে চিনত। তাদের সঙ্গে হেঁটেই সে বাড়ির দিকে যেতে শুরু করে। অভিযোগ, মূল রাস্তা এড়িয়ে চা বাগানের ভিতরের পথ দিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্তরা।পরিচিত হওয়ায় কোনও সন্দেহ না করেই সে সেই প্রস্তাবে রাজি হয়। এরপরই তারা বাগানের দিকেই এগিয়ে যায়।

বাগানের ভিতরের একটি নির্জন জায়গায় পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, বিবেক ও রাজু তখন কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতে শুরু করে। তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করা হয়। কিশোরী বাধা দিলে দু’জনেই অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। এরপর একপ্রকার জোর করে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, দফায় দফায় তার উপর নির্যাতন চালানো হয়। ঘটনার পর নাবালিকাকে ভয় দেখানো হয়। কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাঁকে পরিবারের সদস্যদের ক্ষতি করার কথাও বলা হয়।

নাবালিকা বাড়ি ফেরার পর প্রথমে কাউকে কিছু জানায়নি। তবে তার অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। শেষে কিশোরী সব সত্য তুলে ধরে। তার মুখে পুরো ঘটনা জানতে পেরে শনিবার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই ওই দুই যুবককে গ্রেফতার করে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাদের তিন দিনের হেপাজতে পাঠায়। প্রধাননগর থানা ঘটনার সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষাও করা হয়েছে।


Share