Assault

বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়ে বন্ধুর হাতেই মার খেল মহিলা! চুলের মুঠি ধরে টেনে বাইরে বের করা হল, অভিযুক্ত প্রভাবশালী ব‍্যবসায়ী প্রকাশ বাছাওয়াত বলে দাবি

ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো থেকে নেওয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১০:৩৯

বচসা থেকে হাতাহাতি। মহিলাকে চুলের মুঠি ধরে টানতে টানতে আবাসনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ‍্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্তের নাম প্রকাশ বাছাওয়াত। তিনি শহরের প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে। তবে মামলাটিকে চালাতে চান না এই আর্জি নিয়ে নির্যাতিতা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলায় পুলিশকে পার্টি করা হয়নি। এমন ঘটনাকে ভালোভাবে নেয়নি রাজ্য সরকার। তাই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে কলকাতা পুলিশ, এমনটাই লালবাজার সূত্রে জানা গিয়েছে।

গত ১০ অক্টোবর বালিগঞ্জের একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিয়ো (এখন কলকাতা সত‍্যতা যাচাই করেনি)-তে দেখা যাচ্ছে, এক ব‍্যক্তির সঙ্গে তরুণী বচসা চলছে। তরুণী বচসার মূহূর্তে ক‍্যামেরাবন্দি করছেন। আবাসনে থাকা এক কর্মীকে ফোন দেখাচ্ছেন। তার পর আবার বচসা শুরু হল। দু’জনই লিফটের কাছে গেলেন। তার পরে বচসা করতে এক কোনায় চলে এনেল। এর পরেই সপাটে চড় মারল প্রকাশ বাছাওয়াত। তরুণীর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে আবাসনের বাইরে বের করে দিলেন।

নির্যাতিত তরুণী দীপিকা জৈন প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী প্রকাশ বাছাওয়াতের বান্ধবী বলে দাবি করা হয়েছে। গত ১২ অক্টোবর দীপিকা বালিগঞ্জ থানায় প্রকাশ বাছাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সেই মামলাটি কড়েয়া মহিলা থানায় স্থানান্তরিত করা হয়। মারধর এবং শ্লীলতাহানির ধারায় মামলা দায়ের হয়। তাঁরাই এই মামলাটির তদন্ত করছিলেন। 

পুলিশ সূত্রের খবর, প্রকাশ বাছাওয়াত শেক্সপিয়র সরণি থানা এলাকায় একটি আবাসনে থাকেন। এই মামলর তদন্ত করতে প্রকাশ বাড়িতে পুলিশ গেলেও তাঁকে পাওয়া যায়নি। বাড়িতে ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তরুণীর দাবি ছিল, সেখানে তিনি পার্টি করতে নয় একটি গুরুত্বপূর্ণ কাজেই ওই আবাসনে গিয়েছিলেন। এরই মধ্যে নির্যাতিতা তরুণী দীপিকা জৈন কড়েয়া থানার দায়ের মামলাটি খারিজ করতে কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়ে আবেদন করেন। তিনি এই মামলাটি আর এগিয়ে নিয়ে যেতে চান না বলেই আবেদন জানান। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তরুণীর আর্জিতে সারা দিয়ে মামলাটির খারিজের আবেদন মঞ্জুর করে। 

সূত্রের খবর, তরুণী যে মামলাটি করেছিলেন তাতে কলকাতা পুলিশকে পার্টি করা হয়নি। নিজেরা গিয়ে তা করেছেন। তবে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে লালবাজার নড়েচড়ে বসে। তরুণীকে কার্যত ভয় দেখিয়ে মামলাটিকে খারিজ করার জন‍্য আবেদন করতে বাধ্য করা হয়েছিল। প্রকাশ বাছাওয়াতের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও উঠছে। অন‍্য দিকে, এমন ঘটনার পরে সমাজমাধ্যমের নিন্দার ঝড় উঠেছে।

এমন ন‍্যাক্কারজনক ঘটনা নিয়ে পদক্ষেপ করতে চলেছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবে লালবাজার। তরুণীকে নির্যাতনের ঘটনার অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল জানিয়েছেন, “শহরে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা উচ্চতর আদালতে যাচ্ছি। আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে।”


Share