Ram Nabami

রামনবমীতে কলকাতায় ৬০টি মিছিল, অশান্তি রুখতে তৎপর প্রশাসন, রাজ্যে দায়িত্বে থাকছেন ২৯ জন আইপিএস

জানা গিয়েছে, হাওড়া, হুগলি, ব‍্যারাকপুর, মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় পুলিশের ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে শনিবার থেকেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত তাঁরা ওই দায়িত্বে থাকবেন।

কলকাতায় রাম নবমী।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১২:০০

আগামীকাল, রবিবার রামনবমী। সেই উপলক্ষে কলকাতার রাস্তায় থাকবে সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মী। তাঁদের নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। আর ওই দিন সারা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন। শহরের বুকে বড় মিছিলে ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার প্রমুখ পদমর্যাদার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তা ছাড়াও ওসি, ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করার ব্যবস্থা থাকবে।? 

রামনবমী উপলক্ষে বিজেপির মেগা কর্মসূচি রয়েছে যেমন রয়েছে, তেমনই বিভিন্ন হিন্দু সংগঠনও মিছিলের ডাক দিয়েছে। আবার রামনবমীতে পথে নামছে তৃণমূলও। শুধু কলকাতা নয়, আসানসোল, শিলিগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় যেখানে হিন্দিভাষী মানুষদের বসবাস যেখানে বেশি, সেই এলাকাগুলিতেও মিছিল করবে রাজ্যের শাসকদল। জলপাইগুড়িতে আবার রামনবমীর শোভাযাত্রার আমন্ত্রণ জানিয়ে বাড়ি বাড়ি লিফলেটও বিলি করছেন তৃণমূলের কাউন্সিলরেরা।? 

রামনবমীর মিছিলে শহরের রাজপথে অস্ত্র হাতে হাঁটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা। জানা গিয়েছে, রবিবার তাদের কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। হেস্টিংস, এন্টালি, কাশীপুর-সহ যে পাঁচ-ছয়টি স্পর্শকাতর জায়গায় বড় মিছিল হয়, সেখানে পদস্থ আধিকারিকেরা থাকবেন। থাকছে বাইকে টহলদারির ব্যবস্থা। একই সঙ্গে মিছিলের সঙ্গে সঙ্গে থাকবেন পুলিশকর্মীরা। বস্তুত, রামনবমীর দিন কোনও রকম বিচ্ছিন্ন ঘটনা এবং অশান্তি রুখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। ওই নিয়ে শনিবারই বেলা ১২টা নাগাদ লালবাজারে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা।? 

জানা গিয়েছে, গত বছর রামনবমীতে কমবেশি ৬০টি মিছিল হয়েছে কলকাতায়। এ বারের সংখ্যাটি তার চেয়ে বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর হাওড়া, হুগলি, ব‍্যারাকপুর, মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় পুলিশের ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে শনিবার থেকেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত তাঁরা ওই দায়িত্বে থাকবেন।? 

শনিবার কলকাতার নগরপাল বলেন, “সমস্ত ব্যবস্থা আমরা খতিয়ে দেখছি। ওই দিন আমাদের পদস্থ আধিকারিকরা রাস্তায় থাকবেন। হাই কোর্টের নির্দেশ মেনে আমরা আগেই কী করতে হবে আর কী করা যাবে না, তা মিছিলের উদ্যোক্তাদের জানিয়ে দিয়েছি।”? 


Share