Gold Smuggling

বিমানবন্দরে কার্গো টার্মিনালে তল্লাশির সময় বিপুল পরিমাণে সোনা, হিরে পাচারের চেষ্টা, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোনাগুলি বড়বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আন্তঃরাজ‍্য কার্গো বিমানে করে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিমানবন্দরের কার্গো টার্মিনাল থেকে উদ্ধার বিপুল পরিমাণে সোনা এবং হিরে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০৩:১২

বিপুল পরিমাণ সোনা, হিরে পাচার বাজেয়াপ্ত করল পুলিশ। বিমানবন্দরের কার্গো টার্মিনালে নাকা তল্লাশি সময় একটি স্কুটি থেকে উদ্ধার করা হয়েছে। এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাম অবতার সিংহ। তিনি রাজস্থানের বাসিন্দা। তাঁকে ব‍্যারাকপুর আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের কার্গো টার্মিনালে নাকা তল্লাশি চালাচ্ছিল বিমানবন্দর থানার পুলিশ। সেই সময় একটি স্কুটিকে দাঁড় করানোর চেষ্টা করলে পালানোর চেষ্টা করে। পুলিশ একটু দূরে গিয়ে রাম অবতারকে ধরে ফেলে। তাঁর স্কুটিতে তল্লাশি চালালে সেখান থেকেই হিরে বসানো ৪০০ গ্রাম সোনা এবং ৯০০ গ্রাম রুপো বাজেয়াপ্ত করা হয়। এর বাজারমূল্য বর্তমানে এক কোটি টাকা বলে জানা গিয়েছে।

এ ছাড়াও, পুলিশ স্কুটিটিকে বাজেয়াপ্ত করেছে। পুলিশ যে গাড়িটি বাজেয়াপ্ত করেছে সেটিতে হাওড়ায় রেজিস্ট্রেশন রয়েছে। এই গাড়িটির মালিককের নাম রাকেশ গোধরা। স্কুটির মালিকের বাড়ি হাওড়ার জে এন মুখার্জি রোডে। অর্থাৎ স্কুটির মালিক এবং ধৃত ভিন্ন। গাড়িটি চুরির না কি রাকেশের কাছ থেকে কেনা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোনাগুলি বড়বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আন্তঃরাজ‍্য কার্গো বিমানে করে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। কার কাছে এই পাচারের সামগ্রী পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানার চেষ্টা করা বচহবে বলে বিধাননগর পুলিশের এক কর্তা জানিয়েছেন।

সাম্প্রতি পাচারের ট্রানজিট রুট হিসেবে বিমানবন্দরকে ব‍্যবহার করছে পাচারকারীরা। কিছু দিন আগে বিদেশি কচ্ছপ সমেত গ্রেফতার হয় চেন্নাইয়ের এক যুবক। জানা যায়, কচ্ছপগুলি ব‍্যাঙ্কক থেকে আনা হয়েছিল। তারও আগে, বিপুল পরিমাণে হাইড্রোফনিক উইড (বিদেশি গাঁজা), এমডিএমএ, ব্রাউন সুগার উদ্ধার করে ডিআরআই। পাচার রুখতে বর্তমানে কলকাতা বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে বলে এক কর্তা জানিয়েছেন।


Share