Shopping Mall Stabbing

নিউ টাউনের শপিংমলে আড্ডার মাঝেই বচসা, বন্ধুর গলায় ছুরি চালানোর অভিযোগ! জখম আরও এক, আটক অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্ধু শপিংমলে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৭

বুধবার নিউ টাউনের একটি শপিংমলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বচসার জেরে এক বন্ধুর গলায় ছুরি চালানোর অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্ধু শপিংমলে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।

অভিযোগ, আচমকাই ব্যাগ থেকে ছুরি বার করে সৌরিক পাল নামে এক যুবক তাঁর বন্ধু ঈশান পাইকের গলা ও শরীরের একাধিক জায়গায় আঘাত করেন। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে আসেন আরও এক বন্ধু মনু মণ্ডল। অভিযোগ, তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দিকে ঘটনার পর কয়েকজন উপস্থিত ব্যক্তি অভিযুক্তকে ঘটনাস্থলেই আটকে রেখে টেকনোসিটি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরিককে আটক করে।

পুলিশ জানিয়েছে, আহত দুই ছাত্রের নাম ঈশান পাইক ও মনু মণ্ডল। কী কারণে তাঁদের মধ্যে বচসা শুরু হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে ছুরি নিয়ে হামলা চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনও বিষয়কে কেন্দ্র করেই বচসার সূত্রপাত হতে পারে।


Share