Railway Protection Force

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নতুন ডিজি জিতেন্দ্র কুমার, বিহার ক‍্যাডারের সিনিয়র অফিসারকে নতুন দায়িত্বের সিদ্ধান্তে সিলমোহর দিল এসিসি

১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার জিতেন্দ্র কুমারের প্রায় ৩৩ বছরের পুলিশের অভিজ্ঞতা রয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র কুমার বিহার পুলিশ সদর দফতর এবং সিআইডির এডিজি পদেও ছিলেন। গত বছর তাঁকে ডিরেক্টর জেনারেল পদমর্যাদায় উন্নীত করা হয়।

আইপিএস অফিসার জিতেন্দ্র কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৩:৫২

সিনিয়র আইপিএস অফিসার জিতেন্দ্র কুমারকে কুমারকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৯৯৩ ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস অফিসার। বৃহস্পতিবার তাঁকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি পদে নিযুক্ত করার নির্দেশে সিলমোহর দিয়েছে ক‍্যাবিনেট কমিটি বা এসিসি।

বর্তমানে জিতেন্দ্র কুমার বিহার পুলিশের সেন্ট্রাল সিলেকশন বোর্ড (কনস্টেবল নিয়োগ)-এর চেয়ারম্যান পদে রয়েছেন। পাশাপাশি, তিনি বিহার বিশেষ সশস্ত্র পুলিশ (বিএসএপি)-এর ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছেন।

১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার জিতেন্দ্র কুমারের প্রায় ৩৩ বছরের পুলিশের অভিজ্ঞতা রয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা জিতেন্দ্র কুমার বিহার পুলিশ সদর দফতর এবং সিআইডির এডিজি পদেও ছিলেন। গত বছর তাঁকে ডিরেক্টর জেনারেল পদমর্যাদায় উন্নীত করা হয়।

রেল মন্ত্রকের অধীনে থাকা যাবতীয় সম্পত্তির নিরাপত্তার দায়িত্ব রেলওয়ে প্রোটেকশন ফোর্সের। দেশের লক্ষ লক্ষ রেলযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, রেলকর্মীদের সুরক্ষা প্রদান এবং রেলসম্পত্তি রক্ষা করা এই বাহিনীর প্রধান দায়িত্ব। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভারতীয় রেলপথে যাতায়াত করেন। ফলে রেল চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ করা এবং জাতীয় সম্পদ সুরক্ষিত রাখার ক্ষেত্রে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিনিয়র আইপিএস অফিসার জিতেন্দ্র কুমার তাঁর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। নতুন ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাহিনীর আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিতে পারেন জিতেন্দ্র কুমার। নজরদারি ও অপরাধ প্রতিরোধে উন্নত প্রযুক্তির ব্যবহার, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি, চুরি ও চোরাচালান রোধ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় আরও জোরদার করা তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ফলে বাহিনীর কাজকর্মে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি পদে রয়ছে আইপিএস অফিসার সোনালী মিশ্র। তিনি আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন। তাঁর আগেই ডিজি পদে বিহার ক‍্যাডারের সিনিয়র আইপিএস অফিসার জিতেন্দ্র কুমারকে নিয়োগ করল কেন্দ্রীয় প্রশাসনিক ও কর্মীবর্গ বিভাগের এসিসি।


Share