Attempted to Murder

শান্তিপুরে দোকানের সামনে ব্যবসায়ীকে ছুরি দিয়ে হামলার অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হাদুল শেখ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে লোকের ভিড়
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১১:০৬

নদিয়ার শান্তিপুরের নতুনহাটের ডাবরেপাড়া লেন এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীকে ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ীর নাম রতন নাথ। পিঠ ও শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো নিজের দোকানের কাছে দাঁড়িয়েছিলেন রতন নাথ। সেই সময় নতুনপাড়ার বাসিন্দা হাদুল শেখ সেখানে আসে বলে অভিযোগ। জল খাওয়ার অজুহাতে কাছে এসে অভিযুক্ত আচমকাই পিছন থেকে রতনবাবুর উপর ছুরি নিয়ে হামলা চালায়। ওই ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় এলাকায় এসে প্রায়ই গালিগালাজ ও অসামাজিক কাজকর্ম করত হাদুল। এর প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে বলে আক্রান্তেরও অভিযোগ। প্রত্যক্ষদর্শী মান্না শিলার দাবি, কোনও কথা না বলেই আচমকা ছুরি দিয়ে অভিযুক্ত হামলা চালায়।

ঘটনার পর রক্তাক্ত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হাদুল শেখ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে।


Share