CJP Protest

ককরোচদের নেতা অভিজিৎ দিপকে গ্রেফতার, হাজির করানো হবে আদালতে, আগেই গ্রেফতার হয়েছিল অপর দুই নেতা

শনিবার সকালে ককরোচদের আইনি পরামর্শদাতা রত্না সিংহ দাবি করেন, দিপকে-কে পুলিশ কোথায় আটকে রেখেছে, তা সংগঠনের কেউ জানেন না। আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১১:০৪

ককরোচদের নেতা অভিজিৎ দিপকে-কে পুলিশ হেফাজতে নিয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে বাড়ি থেকে বেরোনোর পরেই গ্রেফতার করা হয়। শনিবার ভোরে তাঁকে গ্রেফতার করার খবর জানিয়েছে দিল্লি পুলিশ। দিপকে-কে প্রিভেন্টিভ অ‍্যারেস্ট বা আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানো হবে।

ককরোচদের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরা বর্তমানে তিহাড় জেলে রয়েছে। এ বার অভিজিৎ দিপকে-কে হেফাজতে নিল পুলিশ। শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ নম্বর ধারায় পরোয়ানা বা ম‍্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই অপরাধ ঠেকাতে পুলিশ যে কাউকেই গ্রেফতার করতে পারে।

গত শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দর থেকে আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং অভিজিৎ দিপকে-কে আটক করে পুলিশ। দিপকে-কে শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন এই শর্তেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। সৌরভ এবং আশুতোষও একই শর্তে ছাড়া পেয়ে যান। কিন্তু যন্তর মন্তরকে আন্দোলন স্থল থেকে বাদ দিয়ে দেয় পুলিশ। ১৬৩ ধারা জারি করে। নির্দেশ অমান্য করে সেখানে যাওয়ার চেষ্টা করলে আশুতোষ এবং সৌরভকে গ্রেফতার করা হয়।

গতকাল কনটপ্লেসে তেরঙ্গা যাত্রা করার কথা ছিল। সেখানে বিক্ষোভ দেখানোর জন‍্য পুলিশ অনুমতি দেয়নি। জারি করা হয় ১৬৩ ধারা। কনটপ্লেসে না যাওয়ার জন্য অভিজিৎ দিপকে-কে অনুরোধ করে পুলিশ। দেওয়া হয় নোটিস। বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। পুলিশের নির্দেশ না মেনে বের হতে গেলে পুলিশ তাঁকে আটক করে। শুক্রবার দিনভর থানায় থাকার পরে শনিবার ভোরে অভিজিতকে পুলিশ গ্রেফতার করে।

শনিবার সকালে ককরোচদের আইনি পরামর্শদাতা রত্না সিংহ দাবি করেন, দিপকে-কে পুলিশ কোথায় আটকে রেখেছে, তা সংগঠনের কেউ জানেন না। আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।


Share