Elephant Attack

ঝাড়গ্রামে দলছুট হাতির হানায় জখম বৃদ্ধা, আতঙ্কে গ্রামবাসী

হরিনাম সংকীর্তন শুনে ফেরার পথে আচমকা হাতির সামনে পড়ে জয়ম। তখনই তাঁকে হাতি আছাড় মারে বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০২:৩৮

শনিবার রাতে ঝাড়গ্রাম-এর পুকুরিয়া বিট এলাকায় হাতির হানায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। আহতের নাম সাইবানী নায়েক (৬২), তিনি নেদবহড়া গ্রাম পঞ্চায়েতের সরো গ্রামের বাসিন্দা।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসাংডিহি গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন ছিল। সেখানেই হরিনাম শুনতে সন্ধ্যায় আরও কয়েকজনের সঙ্গে তিনিও গিয়েছিলেন। রাতে সাইবানী দেবী বাড়ি ফেরার পথে আচমকা একটি দলছুট হাতির সামনে পড়ে যান। অভিযোগ, হাতিটি তাঁকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে। হাতিটি সরে যাওয়ার পর সঙ্গীরা দ্রুত তাঁকে উদ্ধার করে। তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় একাধিক দলছুট হাতির আনাগোনা বেড়েছে। প্রায়শই ঝাড়্গ্রামে এমন ঘটনা ঘটছে। পুকুরিয়া বিটের আধিকারিক সোমনাথ ঘোষ জানিয়েছেন, গ্রামবাসীদের সতর্ক করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। বনদফতর আহত বৃদ্ধার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে। এমনকি তাঁর দেখভালের জন্য হাসপাতালে এক বনকর্মীকেও মোতায়েন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।


Share