Supreme Court

দীপাবলির আগে ৭০০ শতাংশ বাড়ল বিমানভাড়া! ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে, ‘বিমানে চড়বেন না’ বলে কী মন্তব্য বিচারপতির?

দীপাবলির আগে দেশের বিভিন্ন রুটে বিমানের টিকিটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে বিমানভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১১:২২

উৎসবের মরশুমে বাড়ি ফেরার হিড়িক, আর সেই সুযোগেই আকাশছোঁয়া বিমানভাড়া। দীপাবলির আগে দেশের বিভিন্ন রুটে বিমানের টিকিটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে বিমানভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। কিন্তু মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাতেই কার্যত অন্য সুর শোনা গেল শীর্ষ আদালতে। আবেদনকারীর বক্তব্য শোনার পর বিচারপতি বিক্রম নাথের সংক্ষিপ্ত মন্তব্য, ‘বিমানে চড়বেন না’। এরপরই মামলাটি সরিয়ে পরবর্তী মামলার শুনানি শুরু করেন তিনি।

এ দিন সুপ্রিম কোর্টে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, দীপাবলির মরশুমে দেশের অভ্যন্তরীণ বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিমানভাড়ার ঊর্ধ্বসীমা নির্ধারণের আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, উৎসবের মরশুমে সমাজের সমস্ত শ্রেণির মানুষের বিমান পরিষেবা ব্যবহারের সুযোগ থাকা উচিত। কিন্তু ছুটি কিংবা জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছে। এই ধরনের স্বেচ্ছাচারী মূল্যবৃদ্ধি বৈষম্যমূলক এবং সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত সাম্যের অধিকারের পরিপন্থী বলেও আদালতে সওয়াল করেন আইনজীবী।

এই মর্মেই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, উৎসবের মরশুম, ছুটির দিন এবং জরুরি পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। তবে মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেনি বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ।

উল্লেখ্য, বিমানভাড়া নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আগেই সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত অক্টোবর মাসে কেন্দ্র আদালতকে জানায়, ভারতীয় বায়ুযান অধিনিয়ম, ২০২৪-এর আওতায় বিমানভাড়া নিয়ন্ত্রণে নতুন বিধি তৈরির জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। দু'সপ্তাহের মধ্যে সেই বিধি প্রকাশিত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির আগে নতুন নিয়মগুলি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সেই শুনানির আগেই দ্রুত মামলাটি শোনার আর্জি জানানো হয়।


Share