ICDS

আইসিডিএসের খিচুড়িতে টিকটিকি! লালগড়ে চাঞ্চল্য, পর্যবেক্ষণে ২৬ জন

প্রতিদিনের মতো এ দিনও কেন্দ্রের রান্নাঘরে খিচুড়ি তৈরি হয়। তারপর টিফিন কৌটোর মাধ্যমে উপভোক্তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ঝাড়্গ্রাম
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৭:২৮

আইসিডিএস কেন্দ্র থেকে দেওয়া হয় খিচুড়ি। সেই খিচুড়িতেই মিলল আস্ত টিকটিকি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের লালগড়ে। ঘটনায় অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। শিশুদের বমি করানোর চেষ্টাও করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে খিচুড়ি খাওয়া শিশু, গর্ভবতী মা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার সকালে লালগড়ের আখড়াগোড়া আইসিডিএস কেন্দ্রে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই কেন্দ্রে শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৬১ জন উপভোক্তা রয়েছেন। প্রতিদিনের মতো এ দিনও কেন্দ্রের রান্নাঘরে খিচুড়ি তৈরি হয়। তারপর টিফিন কৌটোর মাধ্যমে উপভোক্তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মলিনা চালকের দাবি, তাঁর ১১ মাসের নাতির জন্য বাড়িতে সেই খিচুড়ি আনা হয়েছিল। খাওয়ানোর সময় হঠাৎ চামচে একটি আস্ত টিকটিকি উঠে আসে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি আইসিডিএস কর্মীদের নজরে আনেন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উদ্বেগ তৈরি হয়।

ঘটনার পর প্রশাসনের উদ্যোগে যেসব শিশু, গর্ভবতী মা এবং পরিবারের সদস্যরা ওই খিচুড়ি খেয়েছিলেন, তাঁদের লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আইসিডিএস কেন্দ্রের সহায়িকা বাসন্তী রায় জানান, কীভাবে রান্নায় টিকটিকি পড়ল তা তাঁরাও বুঝতে পারছেন না। এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি বলেই তিনি দাবি করেন। অন্য দিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, কেন্দ্রের রাঁধুনি বয়সজনিত কারণে কানে কম শোনেন। চোখেও কম দেখেন। তার জেরেই বিষয়টি নজরে আসেনি।

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, এসডিপিও শামিম বিশ্বাস, লালগড়ের বিডিও বিদ্যুৎকুমার মাঝি এবং আইসি সঞ্জীব ঘোষ। তাঁরা পর্যবেক্ষণে থাকা শিশু ও প্রসূতিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, খিচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনার পর শিশু ও গর্ভবতী মা মিলিয়ে মোট ২৬ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে তিনি জানান।


Share