Punjab Police Conspiracy

সিসি ক্যামেরায় ধরা পড়ল পুলিশের কীর্তি! শিবসেনা নেতাকে ফাঁসাতে তোশকের নীচে হেরোইন রাখার অভিযোগ, সাসপেন্ড এএসআই

ঘটনাটি লুধিয়ানা জেলার খন্না এলাকার। রবিবার মহন্ত কাশ্মীর গিরির বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের পর পুলিশের তরফে দাবি করা হয়, গিরির খাটের তোশকের নীচ থেকে প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

ভাইরাল সিসি ক্যামেরা থেকে নেওয়া ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৭:১৭

পঞ্জাবে শিবসেনা নেতা তথা ধর্মগুরু মহন্ত কাশ্মীর গিরিকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। ঘরের ভিতরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) সুখদেব সিংহকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার এই পদক্ষেপ করেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকার।

ঘটনাটি লুধিয়ানা জেলার খন্না এলাকার। রবিবার মহন্ত কাশ্মীর গিরির বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের পর পুলিশের তরফে দাবি করা হয়, গিরির খাটের তোশকের নীচ থেকে প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে তাঁর ঘরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসায় গোটা ঘটনাটি অন্য দিকে মোড় নেয়।

ওই ভিডিয়োয় (যার সত্যতা এখন কলকাতা যাচাই করেনি) দেখা যায়, পুলিশ বাহিনী বাড়িতে পৌঁছোনোর আগেই সাদা পোশাকে গিরির ঘরে প্রবেশ করছেন এএসআই সুখদেব সিংহ। তার পর তাঁকে বিছানার তোশকের নীচে একটি প্যাকেট রাখতে দেখা যায়। এই দৃশ্য সামনে আসার পরেই পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরও জোরালো হয়।

ঘটনায় পদক্ষেপ করে অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি মহন্ত কাশ্মীর গিরিকে সমস্ত মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লুধিয়ানার এসএসপি দর্পণ অহলুওয়ালিয়া। তবে কেন গিরির বাড়িতে অভিযান চালানো হয়েছিল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

এসএসপি-র বক্তব্য, গিরির গাড়িচালক গুরজন্ত সিংহ ওরফে জনতাকে ৭.৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই মহন্তের বাড়িতে অভিযান চালানো হয়। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্জাবের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


Share