Mobile Game Murder

মোবাইলে গেম খেলা নিয়ে অশান্তি, ফোন ভাঙতেই ক্ষিপ্ত মেয়ে! প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত, মৃত্যু বাবার

মোবাইলে গেম খেলা নিয়ে অশান্তির জেরে সৎ বাবার মাথায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত ও ছুরি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার তরুণী।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১১:২১

গেম খেলার নেশা নিয়ে বাবা-মেয়ের মধ্যে অশান্তি নতুন নয়। কিন্তু মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে সেই বচসাই যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। মোবাইল ফোন ভেঙে দেওয়ায় রাগের মাথায় সৎ বাবার মাথায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এর পর সব্জি কাটার ছুরি দিয়েও তাঁকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার গুজরাটের সুরাটের কোসাদ এলাকার এই ঘটনায় অভিযুক্ত কাজল চৌহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমেশ চৌহান (৫২)। পেশায় তিনি কারখানার শ্রমিক ছিলেন। স্ত্রী মঞ্জু এবং মেয়ে কাজলকে নিয়ে কোসাদে থাকতেন তিনি। অভিযোগ, কাজলের সারাক্ষণ মোবাইলে গেম খেলা নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হত।

রবিবার সকালে ঘুম থেকে উঠে কাজলকে মোবাইলে গেম খেলতে দেখে ক্ষুব্ধ হন তাঁর মা মঞ্জু। এই নিয়ে মা-মেয়ের মধ্যে বচসাও হয়। দুপুরে কাজ সেরে বাড়ি ফেরার পর রমেশের কাছে মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানান মঞ্জু। তাঁর দাবি ছিল, কাজল সংসারের কোনও কাজ করে না, সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত থাকে।

এর পর মেয়েকে মোবাইল সরিয়ে রেখে মায়ের সঙ্গে ঘরের কাজে হাত লাগাতে বলেন রমেশ। কিন্তু কাজল সেই কথা শুনতে চাননি বলে অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রমেশ মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে দেন।

অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কাজল। পাশেই থাকা প্রেসার কুকারের ঢাকনা তুলে সজোরে রমেশের মাথায় আঘাত করেন তিনি। পরে সব্জি কাটার ছুরি দিয়ে তাঁকে একাধিকবার আঘাত করেন বলেও অভিযোগ। চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন মঞ্জু। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর আমরোলি থানায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মঞ্জু। রবিবার রাতেই কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। আমরোলি থানার ইনস্পেক্টর জেবি বনরের কথায়, প্রাথমিক তদন্তে মোবাইলে গেম খেলা নিয়ে বাবা-মেয়ের বচসা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত বছর সৌরাষ্ট্রে কাজলের বাবা মারা যান। এরপর রমেশকে বিয়ে করে কোসাদে সংসার পাতেন মঞ্জু। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share