Molestation

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে নাবালিকা নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই, তদন্তে দুর্গাপুর থানা

প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের রাঁচি কলোনি এলাকায় নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সেখানে এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাতে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পড়েন। অভিযুক্তকে ধরে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পেটে ব্যথার অভিযোগ নিয়ে পরিবারের সদস্যরা নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই জানা যায়, সে অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে চাওয়ায় নাবালিকা পরিবারের কাছে অভিযোগ করে, তার এক প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুর নগর নিগমে অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ করেন। অভিযোগ উঠেছে, শুধুমাত্র এই নাবালিকাই নয়, এলাকার আরও কয়েক জন নাবালিকার সঙ্গেও তার অনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা ছিল। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও যাচাই করেনি পুলিশ।

শুক্রবার সকালে অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে। অভিযোগ, তাকে বাঁশের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করা হয়। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাবালিকা নির্যাতনের অভিযোগে পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গণধোলাইয়ের ঘটনাতেও জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে এবং আইন নিজের হাতে না তুলে নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।


Share