Birth of Newborn Baby

চলন্ত ট্রেনেই কন্যাসন্তানের জন্ম, কাটোয়া–আজিমগঞ্জ শাখায় বিরল ঘটনা, দু’জনই সুস্থ রয়েছেন

জিআরপি ও রেলকর্মীদের তৎপরতায় মা ও নবজাতককে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

মা ও নবজাতক
নিজস্ব সংবাদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১

চলন্ত ট্রেনেই জন্ম হল সন্তানের। হঠাৎই শুরু হয় মায়ের প্রসব যন্ত্রণা। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ট্রেনের কামরাতেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন অন্তঃসত্ত্বা মহিলা। কাটোয়া–আজিমগঞ্জ শাখার একটি ট্রেনে ঘটনাটি ঘটেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালার এলাকার বাসিন্দা সুন্দরী বিবি। তাঁকে চিকিৎসার জন্য কাটোয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর সঙ্গে ছিলেন মা আসমাতারা বিবি। যাত্রাপথেই তাঁর আচমকা প্রসব বেদনা শুরু হয়। ট্রেনটি কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে পৌঁছনোর সময় পরিস্থিতি জটিল আকার নেয়। চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই তরুণী।

খবর পেয়ে কর্মরত মহিলা জিআরপি কর্মী ও সিভিক ভলান্টিয়াররা দ্রুত তৎপর হন। ট্রেন থামার পর মা ও নবজাতককে নিরাপদে নামিয়ে দ্রুত  কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুন্দরী বিবি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশু—দু’জনেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হঠাৎ এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে প্রথমে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও, শেষ পর্যন্ত মা ও সন্তানের সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।


Share